২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মন্দিরে অগ্নিসংযোগ

ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে সনাতন ধর্মালম্বীদের একটি কালী মন্দির।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 03:54 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বৃহস্পতিবার ভোরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দাসপাড়া গ্রামের উত্তর ছাড়াইতকান্দি সেবাখলা সার্বজনীন শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুদেব দাস রাজিব বলেন, ভোরে পূজা দেয়ার জন্য এক নারী মন্দিরে গিয়ে আগুন দেখতে পেয়ে গ্রামবাসীকে খবর দেন। পরে পুলিশে খবর দেয়া হয়।

আগুনে মন্দিরের আধাপাকা ঘর, কালী প্রতিমা ও যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে।

আগুন দেয়ার আগে দুর্বৃত্তরা মন্দিরের গ্রিল ভেঙে প্রতিমার স্বর্ণালকার, পিতলের বাসনপত্রসহ মূল্যবান সামগ্রী লুটে নিয়ে যায়।

মন্দির কমিটির সভাপতি খয় খগেন্দ্র দাস অভিযোগ করেন, মন্দির প্রতিষ্ঠার পর থেকে পাশের জমির মালিকদের সঙ্গে মন্দিরের রাস্তা নিয়ে কমিটির বিরোধ চলে আসছে।

ঘটনার পর জেলা পুলিশ সুপার, স্থানীয় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও র‌্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ ঘটনা ঘটাতে পারে।”

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুদেব দাস রাজিব এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন বলে জানান তিনি।