খুলনায় বই ব্যবসায়ীদের ধর্মঘট
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বই বিক্রেতাদের জেল-জরিমানা করার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন খুলনার বই ব্যবসায়ীরা।
‘বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি খুলনা জেলা’ বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু করেছে।
সমিতির সাধারণ সম্পদক আব্দুল মজিদ তালুকদার জানান, মহানগরসহ জেলার নয় উপজেলায় ৩৮৫ বই ব্যবসাকেন্দ্রে এ কর্মসূচি পালিত হচ্ছে।
নিষিদ্ধ নোটবই বিক্রি করার দায়ে বুধবার চার বই বিক্রেতার বিরুদ্ধে ব্যাবস্থা নেন ভ্রাম্যমাণ আদালতের দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আতিকুল ইসলাম ও রোজী আক্তার।
ওইদিন বিকেলে ব্যবসায়ীরা শহরের কেডিঘোষ রোডে সমিতির জেলা কার্যালয়ে বৈঠক করে ধর্মঘটের সিদ্ধান্ত নেন।
ব্যবসায়ী নেতা মজিদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কোনো নোট বই বিক্রি করি না। সৃজনশীল অনুশীলনমূলক বইকে নোট বই আখ্যা দিয়ে আমাদের হয়রানি করা হয়েছে।”
এ ধরনের হয়রানির প্রতিবাদ জানিয়ে ধর্মঘটের প্রথম দিন বৃহস্পতিবার খুলনার জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা।
বই ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, সমস্যা সমাধানে তারা পর্যায়ক্রমে খুলনার সিটি মেয়র, স্থানীয় সংসদ সদস্য ও চেম্বার সভাপতির সঙ্গে কথা বলবেন।
এদিকে বছরের শুরুতে মালিকপক্ষ বইয়ের দোকান বন্ধ রাখায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।
