২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ বছরে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার দেড় হাজার বাংলাদেশি

খুন, ধর্ষণ ও বিভিন্ন ধরনের প্রতারণা ও অবৈধ অভিবাসনের দায়ে গত ১৩ বছরে যুক্তরাষ্ট্র থেকে অন্তত ১ হাজার ৫৫৫ জন বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 02:32 PM

Updated : 22 Aug 2022, 05:32 PM

‘যুক্তরাষ্ট্র হোমল্যান্ড সিকিউরিটি’ দপ্তর থেকে ১৫ জানুয়ারি এ তথ্য জানা যায়।   

‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ বিভাগের মুখপাত্র ব্র্যান্ডন এ মন্টগোমারি  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহিষ্কৃতদের মধ্যে ২৭৫ জন বাংলাদেশি বিভিন্ন মেয়াদে জেলে ছিলেন। তাদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ, ব্যাংক জালিয়াতি ও রিয়েল এস্টেট প্রতারণার মতো অভিযোগ রয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী সর্বশেষ ২০১৩ সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সময়ে কারাগারে থাকা ছয়জনসহ মোট ১২ বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে ২০০০ সালের অক্টোবর থেকে ২০০১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বহিষ্কার হয়েছেন ৭১ বাংলাদেশি। আর ২০০২ থেকে ২০১২ পর্যন্ত ছয় দফায় ১ হাজার ৪৭২ জন বাংলাদেশিকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র সরকার।

এখনও বেশ কয়েকজন বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজা খাটছেন নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, মিশিগান, সাউথ ক্যারোলিনা, কলরাডোসহ বিভিন্ন ফেডারেল কারাগারে।

এদের মধ্যে অধিকাংশই গ্রিনকার্ডধারী হলেও কয়েকজন আছেন, যাদের ‘ওয়ার্ক পারমিটও নেই।  

সাজা শেষ হলে এদের অনেককেই দেশে ফেরত পাঠানো হবে। তবে যারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন তাদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি ইমিগ্রেশন আইন লংঘনে ‘নন-ক্রিমিনাল’ হিসেবে অভিযুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী। তবে তার দুই সন্তান জন্মসূত্রে মার্কিন নাগরিক হওয়ায় তার বহিষ্কারাদেশ স্থগিত করা হয়।