বাগেরহাটে বাসের ধাক্কায় স্কুল ছাত্রীসহ নিহত ২
বাগেরহাটে বাসের ধাক্কায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই ছাত্রীর বাবা, এক শিক্ষক ও এক সহপাঠী।
বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলায় পিরোজপুর-বাগেরহাট সড়কের বাধাল বাজারে এই দুর্ঘটনা ঘটে বলে জানান কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান।
নিহতরা হলেন-বাধাল বিকে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার এবং ভ্যানচালক আল আমিন।
দুর্ঘটনায় আহত হয়েছেন ফারজানার বাবা একই স্কুলের সহকারী শিক্ষক আলহাজ উদ্দিন শেখ, সহকারী প্রধান শিক্ষক মিনারা বেগম ও ৮ম শ্রেণির ছাত্র শিমুল চক্রবর্তী।
ওসি আবু জিহাদ বলেন, “খুলনা থেকে বরিশালগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস বাধাল বাজারে মোটরচালিত একটি রিক্সাভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।
“এতে ভ্যানচালক আল আমিন ঘটনাস্থলেই মারা যান। ভ্যানের আহত অন্য যাত্রীদের বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে ফারজানার মৃত্যু হয়।”
আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
