লক্ষ্মীপুরে ভোটে অনিয়মের চেষ্টায় আটক ৬
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভোটে অনিয়মের চেষ্টাকালে ছয় জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া লক্ষ্মীপুর-১ আসনের পুনঃভোটে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়, কাওয়ালী ডাঙ্গাসহ কয়েকটি কেন্দ্র থেকে এদের আটক করা হয়।
নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হারুনুর রশীদ জানান, কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে মনির হোসেন ও মো. মাসুদ নামে দুই জনকে আটক করা হয়েছে।
এছাড়া বিজিবি ও পুলিশ সদস্যরা জাল ভোট দেয়ার চেষ্টা করায় বিভিন্ন কেন্দ্র থেকে নাসির, নীরব, আকিব ও নিজামসহ চার জনকে আটক করে বলে জানান রামগঞ্জ থানার ওসি রেজাউল করিম ভূঁইয়া।
সকালে ১০টি ভোট কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।
গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দিন সংঘাত, ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, ব্যালট বক্স ছিনতাইয়ের কারণে দেশের পাঁচ জেলার সাতটি সংসদীয় আসনের প্রায় চারশ’ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
