২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনঃভোটে গোলযোগ নেই, উপস্থিতিও কম

গোলযোগের কারণে স্থগিত থাকা পাঁচ জেলার সাতটি সংসদীয় আসনের প্রায় চারশ’ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 12:12 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

শীত আর কুয়াশায় কড়া নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় বলে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা জানান।

যে সব আসনে পুনঃভোট হচ্ছে, সেগুলো হলো- দিনাজপুর-৪, বগুড়া-৭, গাইবান্ধা ১, ৩, ৪, যশোর-৫ ও লক্ষ্মীপুর-১।

এর মধ্যে বগুড়া-৭ আসনে (গাবতলী) নির্বাচনী এলাকায় হরতাল পালন করছে নির্বাচন বয়কটকারী দল বিএনপি।

গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দিন সংঘাত, ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, ব্যালট বক্স ছিনতাইয়ের কারণে এই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ আটকে গিয়েছিল।

সেদিন কুড়িগ্রাম-৪ আসনের ফল স্থগিত হলেও আদালতের এক আদেশের কারণে বৃহস্পতিবার ওই আসনের স্থগিত কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ হচ্ছে না।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বেলা ১২টা পর্যবন্ত ৩৯০ কেন্দ্রের কোথাও কোনো গোলযোগের খবর তারা পাননি। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় গড়ে ২০ জন করে পুলিশ সদস্যসহ আনসার ও ভিডিপি নিয়োজিত রয়েছে।

লক্ষ্মীপুরের একটি ভোটকেন্দ্রে জালিয়াতির অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। প্রথম তিন ঘণ্টায় কোনো গোলযোগ হয়নি।”

সকালে শীত ও কুয়াশায় অনেক কেন্দ্র প্রায় ভোটারশূন্য থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিত বাড়তে শুরু করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

ফরহাদ হোসেন বলেন, “কম ব্যবধান রয়েছে এমন কেন্দ্রগুলোয় উপস্থিতি বেশি বলে খবর পাচ্ছি। দু’পক্ষই ভোটার টানতে প্রতিযোগিতায় রয়েছে।”

গত ৫ জানুয়ারি ২৯২ আসনে গড়ে ভোটার উপস্থিতি ছিল ৪০ শতাংশের মতো। সারা দিন ভাল গেলে পুনঃভোটের এসব আসনে গড় উপস্থিতি ৫০ শতাংশের ওপর আশা করছেন তারা।

গাইবান্ধা-৩

এই আসনে সাদুল্লাপুর উপজেলার সান্দিয়াপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামীমুর রহমান জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৩২। বেলা ১২টা পর্যন্ত সাড়ে তিনশ’ ভোট পড়েছে।

একই উপজেলার পাইকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আসাদুজ্জামানজানান, তার কেন্দ্রে ১৯০৩ ভোটের মধ্যে বেলা সাড়ে ১২টা পর‌্যন্ত  পড়েছে সাড়ে চারশ’ ভোট।

গাইবান্ধা-৪ আসনের গোবিন্দগঞ্জ উপজেলার তরফ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু নাসের মোহাম্মদ শেখ সাদী বলেন, মোট দুই হাজার ৯৭ ভোটারের মধ্যে বেলা সোয়া ১১টা পর্যন্ত ১৭০ জন ভোট দিয়েছেন।

একই উপজেলার পান্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ ফজলে এলাহী জানান, মোট ৩৫০৯ ভোটের মধ্যে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মোট ভোটারের ২০ শতাংশ ভোট পড়ে।

গাইবান্ধা-১

এই আসনে মোট ৫৪টি ভোটকেন্দ্রে ভোট নেয়া হচ্ছে।

ওই আসনের খামার পাঁচগাছি দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আনোয়ারুল ইসলাম জানান, এ কেন্দ্রের মোট ভোটার ২০৩৮ জন। এর মধ্যে বেলা ১টা পর্যন্ত ৩০৮টি ভোট পড়েছে।

বেকাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রের মোট ভোটার ৩০১২ জন। বেলা ১টা ৫ মিনিট পর্যন্ত দেড় হাজার ভোট পড়েছে।

শোভাগঞ্জ হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রতন সরকার বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ১৯২৬ জন। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৯৮টি।

দিনাজপুর-৪

চিরিরবন্দর-খানসামা উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৪ আসনের স্থগিত ৫৭ কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হলেও ভোটারের উপস্থিতি কম। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও সকাল ৯টা পর্যন্ত ভোট কেন্দ্রগুলো ছিল প্রায় ভোটার শূন্য।

চিরিরবন্দর উপজেলা দক্ষিণ পলাশবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম ঘণ্টায় ভোট পড়ে কেবল একটি। সেখানে কোনো প্রার্থীর পোলিং এজেন্টও দেখা যায়নি।

প্রিসাইডিং অফিসার সঞ্জয় বড়ুয়া জানান, এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৫৬৭ জন। পোলিং এজেন্ট না থাকার বিষয়টিও স্বীকার করেছেন তিনি।

উপজেলার পশ্চিম সাইতারা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রেও সকাল সোয়া ৯টা পর্যন্ত একই দৃশ্য দেখা গেছে।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী জানান, এই আসনে ১২০টি কেন্দ্রে মোট ভোটার তিন লাখ ৩ হাজার ৫৩ জন।

বগুড়া-৭

গাবতলী উপজেলার স্থগিত ৪৬টি কেন্দ্রের ভোট গ্রহন চলছে। ভোট কেন্দ্র ও বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক সেনাসদস্য, বিজিবি, র্যাব ও পুলিশ টহল দিচ্ছে। সকাল ১০টা পর্যন্ত কোন সংহিসতার খবর পাওয়া যায়নি।

বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের মধ্যে তেমন উৎসাহ নেই। প্রথম তিন ঘণ্টায় কেন্দ্রগুলোতে উপস্থিতি ছিল একোবরেই কম।

গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ডা. আনিছুর রহমান জানান, ওই কেন্দ্রের ভোট সংখ্যা তিন হাজার ১২। প্রথম ৪৫ মিনিটে ভোট পড়ে মাত্র ৫টি।

রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নুরুল ইসলাম জানান, ওই কেন্দ্রে এক হাজার ৯১৯ ভোটার। সকাল ৯টা ২১মিনিট পর্যন্ত ২২ জন ভোট দিয়েছেন।

সোনারায় ইউনিয়নের সরধনকুঠি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলাম জানান, সকাল পৌনে ১০টা পর্যন্ত তার কেন্দ্রের এক হাজার ৭৬৫ জন ভোটারের মধ্যে ২৮ জন ভোট দিয়েছেন।

সরধনকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেয়ার পর জাতীয় পার্টির প্রার্থী আলতাফ হোসেন বলেন, শীতের কারণে ভোটাররা সকালে কম এলেও ধীরে ধীরে সংখ্যা বাড়বে বলে তিনি আশা করছেন।

বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, বেলা ১১টা পর্যন্ত কোনো সহিংসতার খবর তারা পাননি। আইনশঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

বগুড়া-৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী আলতাফ হোসেন লাঙল এবং জেপি (মঞ্জু) প্রার্থী আমিনুল ইসলাম পিন্টু বাইসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যশোর-৫

বাকি আসনগুলোর মতো এ আসনেও দিনের প্রথম ভাগে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। ভোজগাতি ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্র প্রথম দেড় ঘণ্টায় ভোট পড়ে ৩২টি।

স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টচার্য বলেন, সার্বিক পরিস্থিতি দেখে তিনি সন্তুষ্ট। এই পরিস্থিতি বজায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে বলেই তার বিশ্বাস।

রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “প্রশাসন ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে।”

চিনাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শেখ মতিয়ার রহমান বলেন, ওই কেন্দ্রে ২ হাজার ৭২৫টি ভোটের মধ্যে সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৪৭৬টি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিযন্ত্রণে।

লক্ষ্মীপুর-১

নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৬৯১ জন ভোটারের মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১৮০টি।

এই কেন্দ্রে জোর করে ব্যালটবাক্স ও ব্যালটপেপার ছিনিয়ে নিয়ে জালভোট দেয়ার চেষ্টার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন মাসুদ আলম ও মনির হোসেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ‘নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেদিয়ে ভোট চলছে। কোথাও বড় কোনো গোলযোগ নাই।”

স্থগিত ভোটের হিসাব

দিনাজপুর-৪: এই আসনের ১২০টি কেন্দ্রের মধ্যে ৫৭টিতে ভোট স্থগিত হয়। এসব কেন্দ্রে ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৯১৯। বাকি কেন্দ্রগুলোয় ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ৬৮ হাজার ৮৮, ওয়ার্কার্স পার্টির এনামুল হক সরকার ১ হাজার ৩৮০ ভোট পেয়েছেন।

গাইবান্ধা-১: এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত হয়েছে ৫৪টির ভোট। এসব কেন্দ্রে ভোট রয়েছে ১ লাখ ৫৮ হাজার ২০৯টি। বাকি কেন্দ্রগুলোর ফলাফলে আওয়ামী লীগের মনজুরুল ইসলাম লিটন ৬৮ হাজার ৯৯৩ ভোট এবং জাতীয় পার্টির আব্দুল কাদের খান ৮ হাজার ৩৮৬ ভোট পেয়েছেন।

গাইবান্ধা-৩: এই আসনে ৮০টি কেন্দ্রে ভোট স্থগিত রয়েছে, যাতে ভোটার রয়েছেন ২ লাখ ২৬ হাজার ৬২৭ জন। ঘোষিত ৫০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের ইউনুস আলী সরকার ৭০ হাজার ৬৬৪ এবং স্বতন্ত্র প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি ১২ হাজার ৭৮১ ভোট পেয়েছেন।

গাইবান্ধা-৪: এই আসনের ১৩০টি কেন্দ্রের মধ্যে স্থগিত রয়েছে ৭২টির ভোট। এতে ভোটার রয়েছেন ২ লাখ ৭৭ জন। ঘোষিত কেন্দ্রগুলোর ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ৫৯ হাজার ৮৬২ এবং আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী ১৮ হাজার ৮০৬ ভোট পেয়েছেন।

বগুড়া-৭: এই আসনের ১৬১টি কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রে পুনঃভোট হচ্ছে। এতে ১ লাখ ১৫ হাজার ৮৬৫ ভোটার রয়েছেন।জাতীয় পার্টির মুহম্মদ আলতাফ আলী ৭ হাজার ৪৩ ভোট এবং জেপির এটিএম আমিনুল ইসলাম ৩ হাজার ১৭৫ ভোট নিয়ে লড়বেন।

যশোর-৫: এই আসনের ১২২টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রে পুনঃভোট হচ্ছে। ভোটার রয়েছেন ১ লাখ ৩৯ হাজার ২৯৬ জন। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের খান টিপু সুলতান ৩০ হাজার ৫৩১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টচার্য্য ১৮ হাজার ৩৩১ ভোট পেয়েছেন।

লক্ষ্মীপুর-১: এই আসনের ৮১টি কেন্দ্রের মধ্যে পুনঃভোট হবে ২১টিতে।  এগুলোতে ভোট রয়েছে ৫০ হাজার ২৭৯টি। ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে তরীকত ফেডারেশনের এম এ আউয়াল পেয়েছেন ৩২ হাজার ৫৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম পেয়েছেন ২০ হাজার ৯১১ ভোট।

কুড়িগ্রাম-৪ আসনের ১০৬ কেন্দ্রের মধ্যে স্থগিত দুটি কেন্দ্রে ভোট রয়েছে ৭ হাজার ২৫৭টি। দুই কেন্দ্র বাদে জেপির রুহুল আমিন ৩০ হাজার ৫৪৪ এবং আওয়ামী লীগের জাকির হোসেন ২৩ হাজার ৯৪৬ ভোট পেয়েছেন।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী আরো কয়েকটি কেন্দ্রে পুনঃভোট চেয়ে আদালতে গেছেন।

সিইসি বলেন, “কুড়িগ্রামের নির্বাচন আদালতের আদেশেই বন্ধ থাকবে। আবার যথাসময়ে ভোটগ্রহণ করা হবে।”

এই পর্যন্ত ঘোষিত চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ ২২৯, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, জেপি ১, তরীকত ১, বিএনএফ ১ ও স্বতন্ত্র ১৪টি আসন পেয়েছে।