২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধ’: পুলিশ বলছে এক, নিহতদের পরিবার আরেক

নির্জন টোল রোডে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই যুবকের পরিবারের দাবি তারা ছিলেন ‘নির্দোষ’; যদিও পুলিশ বলছে, ওই দুজন ছিলেন ছিনতাইকারী।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 10:53 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

সন্ত্রীক নিহত ইসমিইল হোসেন রাজীব সন্ত্রীক নিহত ইসমিইল হোসেন রাজীব

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ নিহত

দুই যুবককে ‘হত্যার’ অভিযোগ এনে বুধবার দুপুরে আগ্রাবাদ এক্সেস সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে স্থানীয়রা।

ভোরে নগরীর হালিশহর থানার বন্দর টোল রোড এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ইসমাইল হোসেন রাজীব (২৫) ও নাসির উদ্দিন (৩২)।

রাজীব উত্তর হাজীপাড়ার মো. ইউসুফের ছেলে, নাসির মধ্যম হালিশহরের নুরুল আলমের ছেলে হলেও থাকতেন হাজীপাড়ায়।

রাজীব ‘স্টার মায়ের দোয়া অয়েল অ্যান্ড মোটর পার্টস’ নামের একটি জ্বালানি তেলের দোকানের মালিক আর নাসির ট্রাকচালক বলে স্থানীয়রা জানায়।

পুলিশ বলছে, নিহত দুজনই গত সোমবার আগ্রাবাদে পুলিশ সদস্য ফরিদ উদ্দিন হত্যায় জড়িত সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য।

‘পুলিশের টেম্পু নিয়ে যায় দুজনকে’

নিহত রাজীবের বড় ভাই মজিবুর রহমান দাবি করেছেন, পুলিশের একটি টেম্পু ভোরে রাজীব ও নাসিরকে তুলে নিয়ে যায়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে তেল কেনার জন্য নাছির আমার ভাই রাজীবকে ডেকে নেয়। এক্সেস রোড সংলগ্ন গাউছিয়া মার্কেটের এক নিরাপত্তা রক্ষী বলেছে, পুলিশের একটি টেম্পুতে দুজনকে তুলে নেয়া হয়েছিল।”

খবর শুনে টেম্পুর খোঁজ করতে করতে লাকী প্লাজা মোড়ে এসে মজিব জানতে পারেন, একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়া হয়েছে দুজনকে।

“তবে টেম্পুতে থাকা পুলিশরা আমাদের কিছু জানায়নি। সকাল পৌনে ৯টার দিকে খবর পাই রাজীব ও নাসির টোল রোডে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে।”

নাসিরের ভাই মো. আকরাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,তার ভাই একটি ট্রাক চালাত। ভাড়া নিয়ে যেতে তেল কিনতে রাজীবের সঙ্গে তার দোকানে যাচ্ছিল।

“শুনেছি পুলিশের একটি টেম্পু তাদের তুলে নিয়ে গেছে। পরে শুনি টেলিভিশনে দুজন মারা যাওয়ার খবর দিয়েছে।”

সন্ত্রীক নিহত ইসমিইল হোসেন রাজীব

সন্ত্রীক নিহত ইসমিইল হোসেন রাজীব

সন্ত্রীক নিহত ইসমিইল হোসেন রাজীব

নিহত রাজীবের মায়ের আহাজারি

নিহত রাজীবের মায়ের আহাজারি

নিহত রাজীবের মায়ের আহাজারি

মজিব ও আকরাম দুজনেরই দাবি তাদের ভাইয়েরা ‘নির্দোষ’। বিনা বিচারে পুলিশ তাদের ‘মেরে ফেলেছে’।

মজিব বলেন, “আমার ভাই তো সন্ত্রাসী না। তার নামে কোনো মামলাও নেই। তাহলে কেন তাকে মারা হল?”

এ ঘটনায় মামলা করবেন বলে জানান নিহত নাসিরের ভাই আকরাম।

দুপুরে হাজীপাড়ায় রাজীবের বাড়িতে গিয়ে দেখা যায় তার মা ও স্ত্রী বারবার মুর্ছা যাচ্ছেন। তার পক্ষাঘাতগ্রস্ত বাবা নির্বাক তাকিয়ে আছেন।

সামিয়া আক্তার নামের দেড় বছর বয়সী এক কন্যা সন্তানের বাবা রাজীব। নাসিরও শাওন নামের তিন বছর বয়সী একটি ছেলে সন্তানের বাবা ।

“তারা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য”

‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে সকালে ছিনতাইকারীর মৃত্যুর কথা বলা হলেও দিনভর আর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পরে বুধবার রাতে ডবলমুরিং থানায় নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) নীহার রঞ্জন হাওলাদার সাংবাদিকদের বলেন, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা পুলিশ হত্যার ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ছয়জনের মধ্যে মনির ও অর্জুন নামে দুজন বুধবার আদালতে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

নীহার বলেন, “জবানবন্দিতে পুলিশ খুনের ঘটনার সাথে নাসির ও রাজীবের সম্পৃক্ত থাকার বিষয়টি উল্লেখ করেছে।”

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের একটি দল বন্দর টোলরোড এলাকায় অভিযানে গেলে ছিনতাইকারী চক্রের সদস্যরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা ২১ রাউন্ড শটগানের গুলি চালায়।

দুই পক্ষের গোলাগুলির সময় রাজীব ও নাসির মারা যান বলে দাবি করেন তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, চারটি কার্তুজ, দুটি ছোরা, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এই ঘটনায় পুলিশি কাজে বাধা দেয়া এবং অস্ত্র আইনে দুটি মামলা করেছে পুলিশ।

পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে বিক্ষোভরত স্থানীয়রা

পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে বিক্ষোভরত স্থানীয়রা

পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে বিক্ষোভরত স্থানীয়রা

সড়ক আটকে বিক্ষোভে স্থানীয়রা

সড়ক আটকে বিক্ষোভে স্থানীয়রা

সড়ক আটকে বিক্ষোভে স্থানীয়রা

নিহতদের পরিবারের দাবির বিষয়ে পুলিশ কর্মকর্তা নিহার বলেন, “পরিবারের কাছে সব সন্তানই তো নিরপরাধ।”

স্থানীয়দের রাস্তা অবরোধের বিষয়ে তার বক্তব্য, “এলাকার একজন বিএনপি নেতা নেপথ্যে থেকে ইন্ধন দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছে।”

ছুরিকাঘাতে পুলিশের মৃত্যু; তারপর ‘বন্দুকযুদ্ধ’

গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনি গেইটের সামনে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে নিহত হন পুলিশ সদস্য ফরিদ উদ্দিন (৪৫)।

নিহত ফরিদ দামপাড়া পুলিশ লাইনে নায়েক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি পুলিশের পোশাকে ছিলেন।

ঘটনাস্থলের কাছেই সিঅ্যান্ডবি কলোনির সরকারি বাসায় পরিবার নিয়ে থাকতেন নিহত ফরিদ। এর অদূরেই আগ্রাবাদ এক্সেস সড়কের পাশে নিহত রাজীবের তেলের দোকান। রাজীব ও নাসিরের বাড়িও এর কাছেই হাজীপাড়ায়।

পুলিশ হত্যার ঘটনায় মঙ্গলবার ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদি হয়ে একটি মামলা করেন।

এরপর বুধবার সকালে হালিশহর থানাধীন বন্দর টোল রোড এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাজীব ও নাসির নিহত হয়।