চিরনিদ্রায় স্বাধীন বাংলা বেতারের শিল্পী শাহ আলী
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঢেকুরিয়া গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন স্বাধীন বাংলা বেতারের কণ্ঠশিল্পী শাহ আলী সরকার।
মঙ্গলবার বাদ জোহর উপজেলার মাইজবাড়ি দাখিল মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা হয়।
এরপর নিজ জন্মস্থান ঢেকুরিয়া গ্রামে মামা আবুল সরকারের বাড়ির সামনে তাকে কবর দেয়া হয়। মৃত্যুর আগে তিনি এখানে শায়িত হওয়ার ইচছা প্রকাশ করেছিলেন।
জানাজার নামাজে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাফিউল হাসান, থানার ওসি মতিউর রহমান, সহযোদ্ধা, আওয়ামী লীগ, প্রশাসন, আত্বীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণিপেশার এক হাজারের বেশি মানুষ অংশ নেন।
সোমবার সন্ধ্যার পর ৭৭ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা বাড়ির পাশের ঢেকুরিয়া বাজারে চায়ের দোকানে বসা ছিলেন। এ সময় আকস্মিক অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রাত সোয়া ৮টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এই কন্ঠযোদ্ধার মৃত্যুতে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শাহ আলীকে নিয়ে লেখালেখি করেছেন এমন একজন হলেন স্থানীয় প্রভাষক আব্দুল জলিল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুক্তিযোদ্ধাদের তহবিল সংগ্রহের জন্য শাহ আলী বিশ্বের অন্তত ৩২টি দেশে গান গেয়েছেন। ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর কয়েকটি পত্রিকায় তার মৃত্যু সংবাদ প্রকাশ হয়েছিল। কিন্ত দীর্ঘ প্রায় ২৫ বছর পর তিনি বাড়ি ফিরে আসেন।
এ সময়কালে তিনি দেশের বিভিন্ন স্থানে মাজার ও দরবার শরীফগুলোতে ঘুরে বেড়িয়েছেন।
প্রয়াত শাহ আলী সরকারের দ্বিতীয় ছেলে সেলিম হোসেন জানান, যমুনা নদীর ভাঙনে বসতভিটা বিলীন হলে ১৯৯৬ সালের দিকে মা, ভাই-বোন সবাই নানার বাড়ি রংপুর চলে যান।
এরপর থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে একটি কুঁড়েঘরে তিনি একা থাকতেন। সরকারি ভাতার টাকায় কোনমতে চলত। তিনি নিজে রান্নাবান্না করে খেতেন।
