যশোরের আদম মুক্ত, এবার এসপির প্রত্যাহার দাবি
যশোরে হত্যাসহ একাধিক মামলার আসামি যুবলীগ নেতা আদম আলীকে ছাড়াতে সাংসদ পদপ্রার্থীর থানা ঘেরাওয়ের পর পুলিশ সুপারের প্রত্যাহার দাবি করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি।
মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সভাপতি আলী রেজা রাজু এ দাবি জানান।
একই সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ায় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য্য চাঁদসহ মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের ৮ নেতাকর্মীকে বহিষ্কারের ঘোষণাও দেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের জেলা সহ-সভাপতি জহুর আহমেদ, যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান পিকুল, আব্দুর রহমান আব্দার, মোহিত কুমার নাথ, মাহমুদুল হাসান প্রমুখ।
বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায় সোমবার আদম আলী জামিন পাওয়ার পর মুক্তি পান।
সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্রকে ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে বিক্ষোভ কর্মসূচি, এমনকি লাগাতার অনশনেরও হুমকি দেন রাজু।
এছাড়া মণিরামপুর, অভয়নগরসহ যশোরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সংখ্যালঘুদের উপর হামলায় সহায়তা দেয়ার জন্য পুলিশ সুপার জয়দেব ভদ্রকে অভিযুক্ত করা হয়।
যশোর-৫ (মণিরামপুর) আসনে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে পুলিশ সুপার বিএনপি-জামায়াতকে প্রশ্রয় দিয়েছেন অভিযোগ করে আলী রেজা রাজু বলেন, পুলিশ সুপারের নিষ্ক্রিয়তায় সেখানে ৬০টি ভোটকেন্দ্রে বোমাহামলা, ব্যালট পেপার লুটসহ আওয়ামী লীগের নেতাকর্মী মারধরের শিকার হয়েছেন।
চাপাতলায় হামলার দুঘণ্টা আগেই খবর পেয়েছিলেন দাবি করে তিনি বলেন, “আমি বারবার পুলিশ সুপারকে বিষয়টি জানালেও তিনি তা শোনেননি, যে কারণে এমন তাণ্ডবের শিকার হয়েছে ওই এলাকার মানুষ।”
স্বপন ভট্টাচার্য্যকে বহিষ্কারের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত আছে কি না জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তিনি দলের উচ্চ পর্যায়ের নেতা। তাই জরুরি অবস্থায় সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেই হয়, ফোরামে সিদ্ধান্তের প্রয়োজন নেই।
মণিরামপুর ছাড়াও যশোর-২ ও যশোর-৪ আসনে নৌকা মার্কার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যথাক্রমে আওয়ামী লীগ নেতা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম ও সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব নির্বাচন করলেও দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি জেলা আওয়ামী লীগ।
এ ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে রাজু বলেন, সেখানকার প্রার্থীরা এ বিষয়ে জেলা কমিটিকে কিছু জানাননি।
যশোর-৫ (মনিরামপুর) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন খান টিপু সুলতান। নবম সংসদেও টিপু সুলতান সদস্য ছিলেন।
তার প্রতিদ্বন্দ্বী হলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য্য চাঁদ।
৫ জানুয়ারি ভোটের দিন সহিংসতার কারণে এ আসনের ৬০টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। আগামী ১৬ জানুয়ারি ওই ৬০ কেন্দ্রে আবার ভোট গ্রহণ হবে।
গত রোববার সকালে স্থানীয় তরকারি বাজার থেকে একাধিক হত্যাসহ ১০ মামলার আসামি মণিরামপুর পৌর যুবলীগের আহ্বায়ক আদম আলীকে যৌথবাহিনী আটক করে থানায় সোপর্দ করে।
এরপর তাকে ছাড়িয়ে নিতে ওইদিন দুপুর থেকে যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খান টিপু সুলতান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে মনিরামপুর থানা ঘেরাও করেন।
পরে রাত ১১টার দিকে জেলা আওয়ামী লীগ সভাপতি আলী রেজা রাজু মোবাইল ফোনে অবস্থানকারীদের উদ্দেশে বলেন, মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করা হবে।
এরপর থানা ঘেরাওকারীরা চলে যান।
