মালোপাড়ায় পুলিশের আইজি
নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক সহিংসতার শিকার যশোরের অভয়নগরের মালোপাড়া পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
মঙ্গলবার দুপুরে প্রশাসনের আরো কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ তিনি সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, “বাংলাদেশ আমাদের সকলের। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাস করি।”
“আমরা জাতি হিসেবে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বিশ্বাস করি না,” মন্তব্য করে তিনি বলেন, “হামলাকরীরাই সংখ্যালঘু, কেননা তারাই সংখ্যায় নগণ্য।”
যারা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, পুলিশ তাদের আটক করতে তৎপর। যতদিন তাদের আটক করা না যাবে, অভিযান ততদিন চলবে বলে তিনি জানান।
হাসান মাহমুদ বলেন, “ইতোমধ্যে আটক একজন হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
পরিদর্শনকালে আইজিপি ক্ষতিগ্রস্ত ৫০ জনের হাতে একটি করে উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন র্যাবের মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান, পুলিশের বিশেষ শাখার ডিজি জাভেদ পাটোয়ারী, পুলিশের ডিআইজি মনিরুজ্জামান, যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র প্রমুখ।
গত ৫ জানুয়ারি নির্বাচনের দিন সন্ধ্যায় দুর্বৃত্তরা মালোপাড়ায় ২০-২৫টি বাড়িঘর, দোকানপাট ভাংচুর, লুটপাট এবং কয়েকটি বাড়িতে আগুন দেয়।
এর আগে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত এই এলাকা পরিদর্শন করেছেন।
