‘ফ্লেক্সিলোডের টাকা চাওয়ায় কুপিয়ে খুন’
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ফ্লেক্সিলোড করার পর টাকা চাওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে পাহাড়পুর গ্রামে এ হামলায় নিহত হন স্থানীয় বাসির মিয়া (৫০)। আহত হন তার দুই ছেলে।
আহত রহমত উল্লাহকে সদর হাসপাতালে এবং হেদায়েত উল্লাহকে (২৪) ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
বিজয়নগর থানার ওসি রসুল নিজামী জানান, সকাল ১০টার দিকে পাহাড়পুরের শান্তামোড়া এলাকার বাসির মিয়ার দোকানে একই এলাকার সোহেল মিয়া মোবাইল ফোনে ফ্লেক্সিলোড করতে আসেন।
ফ্লেক্সিলোড করার পর টাকা না দিয়ে চলে যেতে চান সোহেল মিয়া। এ সময় বাসির মিয়া টাকা চাইলে সোহেলের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে সোহেল লোকজন নিয়ে দা দিয়ে কুপিয়ে বাসির মিয়াকে হত্যা করে।
খবর পেয়ে বাধা দিতে এলে তারা বাসির মিয়ার দুই ছেলেকেও কুপিয়ে আহত করে।
ওসি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেলের চাচী মারুফা বেগমকে আটক করা হয়েছে।
