ছয় দিন পর অপহৃতকে উদ্ধার, গ্রেপ্তার ১
অপহরণের ছয়দিন পর এক যুবককে সিরাজগঞ্জ শহর থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে শহরের ব্যাংকপাড়া এলাকার একটি বাসা থেকে মোটর মেকানিক আনন্দ সিংকে (২০) উদ্ধার করা হয়। তাকে ওই বাড়ির বাথরূমের ছাদে আটকে রাখা হয়েছিল।
এ সময় এ ঘটনায় জড়িত অেভিযোগে একই এলাকার হৃদয় সিং (১৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
আনন্দ শহরের জানপুর সিংপাড়ার মনিরাম সিংয়ের ছেলে। আটক অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় তাকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অশোক কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বজনদের অভিযোগ পাওয়ার পর প্রথমে অপহরণকারী চক্রের সদস্য হৃদয় সিংকে আটক করা হয়।
তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে ব্যাংকপাড়ায় বাদশা মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বাথরুমের ফলস ছাদ থেকে আনন্দকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
তবে অপহরণকারী চক্রের প্রধান বাদশা ও তার স্ত্রী আগেই বাড়ি থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তার হৃদয়কে রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণের ঘটনায় আনন্দ সিংয়ের বাবা মনিরাম সিং বাদী হয়ে থনায় একটি মামলা করেছেন বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
আনন্দর মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৭ জানুয়ারি শহরের গোশালা এলাকায় নিজ কর্মস্থল মোটর গ্যারেজ থেকে তার ছেলেকে অপহরণ করা হয়।
এরপর তার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে কথা বলা গেলেও অবস্থান জানা যায়নি। অপহরণকারীরা তার ছেলেকে ফিরে পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল বলেও জানান তিনি।
