২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমলায় নির্বাচনের মামলায় জামায়াতকর্মী গ্রেপ্তার

নির্বাচনে সহিংসতায় দায়ের করা মামলায় নীলফামারীর ডিমলা উপজেলায় দুই জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

রয়টার্স

Published : 12 Jan 2014, 05:00 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

রোববার সকালে ডিমলার সুটিবাড়ী বাজার থেকে সহিদুল ইসলামকে (৫০) এবং দুপুরে বাবুর হাট থেকে রফিকুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ডিমলা থানার ওসি আজিমুদ্দিন জানান, গত ৫ জানুয়ারি ভোট দিতে যাওয়ার সময় নির্মল রায় নামের এক ভোটারকে বাধাদান ও নির্যাতনের অভিযোগে সহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সহিদুল উপজেলার কাকীনা চাপানী গ্রামের জামাত উল্লাহর ছেলে এবং জামায়াতের সক্রিয় কর্মী।

ওসি আরো বলেন, ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, ব্যালট পেপার ছিনতাইসহ সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় রফিকুল ইসলাম নামের এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রফিকুল নাউতরা আকাশকুড়ি গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে ও জামায়াতের সক্রিয় সদস্য।

ভোটের আগের রাতে ডিমলার আকাশকুঁড়ি উচ্চ বিদ্যালয়ে ব্যালট পেপার ছিনতাই ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন রফিকুল, বলেন ওসি।

ওসি আরো জানান, নির্বাচনের আগের রাতে ও নির্বাচনের দিন কেন্দ্রে হামলা সহিংসতা ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অপরাধে তিন হাজারেরও বেশি লোককে আসামি করে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা ১৩টি মামলা দায়ের করেছেন। এ পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।