উপমন্ত্রীও থাকছেন এবার
শেখ হাসিনার নতুন সরকারে কয়েকজন উপমন্ত্রীও থাকছেন, যা এই সরকারে ছিল না।
নতুন সরকার গঠনের আগের দিন বঙ্গভবনে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রধান দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা এই তথ্য জানিয়েছেন।
বিএনপিবিহীন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রোববার তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।
২০০৮ সালের নির্বাচনে জিতে প্রায় ৫০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করলেও এবার আকার কেমন হবে, সে বিষয়ে কোনো ধারণা দেননি মন্ত্রিপরিষদ সচিব।
তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “নতুন সরকার যে ধরনের আকৃতি হয় সে ধরনেরই হবে। এবার দু’একজন উপমন্ত্রী থাকবেন।”
এই সরকারে না থাকলেও শেখ হাসিনার ১৯৯৬ সালের সরকারে উপমন্ত্রী ছিলেন।
মোশাররাফ জানান, মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন রোববারই হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্বও রোববারই দেয়া হবে।
রোববার নতুন মন্ত্রিসভার শপথের আগে যারা মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা ছিলেন, তারা তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হবে। এরপর প্রধানমন্ত্রী নতুনভাবে তার উপদেষ্টা নিয়োগ দেবেন।
সচিব বলেন, বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা শপথ নেবেন।
প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিয়ে থাকেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সন্ধ্যায় (শনিবার) তিনি (প্রধানমন্ত্রী) তালিকা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সুপারিশ রাষ্ট্রপতি অনুমোদন করেছেন।”
জাতীয় পার্টির সদস্যরা সরকারে থাকছেন কি না, সে বিষয়েও কিছু বলেননি তিনি।
শপথ গ্রহণের সব আয়োজন শেষ হয়েছে জানিয়ে মোশাররাফ বলেন, এক হাজারের বেশি ব্যক্তিকে দাওয়াত দেয়া হয়েছে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও রয়েছেন।
