নওগাঁয় ১০ বছরের শিশু ধর্ষিত
নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের একটি গ্রামে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
শনিবার সকালে গ্রামের পাশের মাঠ থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিন দুপুরে নওগাঁ সদর হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে।
জেলার পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাজেদুল ইসলাম বলেন, “শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে।
“উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে রের্ফাড করা হয়েছে।”
তবে পুলিশ কোন অভিযোগ পায়নি বলে জানিয়েছেন পোরশা থানার ওসি শফিউল ইসলাম।
তিনি বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
ধর্ষণের শিকার মেয়েটির পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে শিশুটি গ্রামের মাদ্রাসায় লেখাপড়া করা তার বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়।
পথে গ্রামের এক যুবক তাকে ধর্ষণ ও মারধর করে। এতে সে জ্ঞান হারিয়ে মাঠে পড়ে থাকে।
পরদিন সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় গোঙানির শব্দ শুনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং তার পরিবারের লোকজনকে খবর দেয়।
