অবৈধভাবে মালয়শিয়ায় পাড়ি জমানোর সময় ৬০ জনকে উদ্ধার
চট্টগ্রামে আবারও অবৈধভাবে মালয়শিয়া যাওয়ার সময় ৬০ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। তাদের সঙ্গে থাকা সন্দেহভাজন চার দালালকেও গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে শনিবার ভোররাতে ওই ৬০ জনকে উদ্ধার করে পুলিশ। এনিয়ে গত দেড় মাসে ১১৪ জনকে উদ্ধার এবং ১৩ জন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল রানা (২৫), মো. রেদোয়ান (২৮), আনোয়ার (২২) এবং মীর কাশেম (২৫)। গ্রেপ্তার সবাই কক্সবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেয়া চান্দগাঁও থানার এসআই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার হওয়াদের দেশের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম এনে অবৈধভাবে মালয়শিয়া পাঠানোর জন্য জড়ো করা হয়েছিল।
তিনি জানান, রাতে তারা চট্টগ্রাম থেকে বাসে করে কক্সবাজার যাওয়ার জন্য বাস টার্মিনাল গিয়েছিল। সেখান থেকে তারা সমুদ্র পথে মালয়শিয়া যাবে বলে আমাদের জানিয়েছে।
“গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার সময় বাস টার্মিনালে অভিযান চালিয়ে তাদের আটক করে ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়,” বলেন এসআই নুরুল ইসলাম।
উদ্ধার হওয়াদের মধ্যে তিনজন যশোরের, আটজন ঝিনাইদহ, চারজন বগুড়া, দুই জন করে বরগুনা এবং নরসিংদী এবং অন্যান্যরা সবাই পাবনা ও সিরাজগঞ্জ জেলার বাসিন্দা বলে জানান তিনি।
এর আগে গত ৮ ডিসেম্বর নগরীর বহদ্দার হাট এলাকার একটি আবাসিক হোটেল মালয়শিয়া অবৈধভাবে যাওয়ার জন্য জড়ো হওয়া ৩১ ব্যক্তিকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।
এছাড়া ২৩ নভেম্বর নগরীর খতিবের হাট এলাকার নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালিয়ে ২৩ জনকে উদ্ধার এবং ছয়জনকে গ্রেপ্তার করে পাঁচলাইশ ও চান্দগাঁও থানা পুলিশের যৌথ দল।
