২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আশ্বস্ত হয়ে নির্বাচন করাই ছিল অভিশাপ’

ভোট সুষ্ঠু হবে বলে প্রধানমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে নির্বাচনে অংশ নিয়ে হতাশ হয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি) আসনে স্বতন্ত্র প্রার্থী আজাদ উদ্দীন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

গত ৫ জানুয়ারি ভোটগ্রহণের মাঝ পথে সরে দাঁড়ানো এই ব্যক্তির দাবি, নির্বাচন সুষ্ঠু হয়নি। ওই নির্বাচনে অংশ নেয়াটা তার জীবনের ‘অভিশাপ’ হয়ে দাঁড়িয়েছে।

ভোটে অনিয়মের অভিযোগ জানিয়ে বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আজাদ। এতে তার চাচা ওই আসনে দুই বারের সংসদ সদস্য আবদুর রব চৌধুরীও ছিলেন।

আজাদ বলেন, “সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর বারবার নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে আশ্বস্ত হয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করি। এটাই আমি, আমার পরিবার ও আমার সমর্থকদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

তিনবারের ইউপি চেয়ারম্যান, দুইবারের পৌর মেয়র বলেন, “আমার স্ত্রী রোকেয়া আজাদ রামগতি উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। আমার চাচা এই আসনে দুইবার সংসদ সদস্য ছিলেন।

“এই নির্বাচনে আমাকে যদি এইভাবে করুণ পরিণতি মেনে নিতে হয়, তাহলে অন্য প্রার্থীদের কী দশা, তা আমার বোধগম্য নয়।”

৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ইসির ঘোষিত ফল অনুযায়ী ৭ হাজার ৮২৮ ভোট পেয়ে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী এম আবদুল্লাহর কাছে হেরেছেন হরিণ প্রতীকের প্রার্থী আজাদ।

স্বতন্ত্র এই প্রার্থী বলেন, “আমার আসনে ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্র দখল ও ভোট জালিয়াতি হলেও ভোট বাতিল হয়নি। যে ফলাফল শিটে এমপি ঘোষণা করা হয়েছে, সেখানে আমার এজেন্টদের স্বাক্ষর নেই।

“শেখ হাসিনা আমারও নেত্রী, স্বতন্ত্র হিসাবে দাঁড়ানোয় আমি আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী ছিলাম। কিন্তু স্বাধীন দেশে ভোট ডাকাতির এই ন্যক্কারজনক ঘটনায় একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি নিজেও জাতির কাছে লজ্জিত।”

ভোটের দিন আলেকজান্ডার প্রাথমিক বিদ্যালয়ে তার সঙ্গে থাকা ছোট ছেলেকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মারধর করে অভিযোগ করেন আজাদ।

“বারবার বললাম, আমি হরিণ মার্কার প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। ওনারা আমাকে একরকম ধাক্কা দিয়ে বের করে দিলেন। বের করে দিয়েও ওনারা ক্ষান্ত হন নাই, ওনারা বললেন, এখানে যদি বাড়াবাড়ি করা হয়, তাহলে এরেস্ট করা হবে।”

বড়খেরি, চর আলগি, চর রমিজ, পোড়াগাছা, পৌরসভা, চর গজারিয়া, আলেকজান্ডার, চর কাদিরা, সাহেবের হাট, প্রভৃতি এলাকায় নৌকার সমর্থকরা প্রশাসনের সহযোগিতায় হরিণ প্রতীকের এজেন্টদের বের করে দেয় বলে তার অভিযোগ।

“চরগাজী ইউনিয়নের কোনো কেন্দ্রে আমার এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। বাবুল নামে আমার এক সমর্থককে হাত পায়ের রগ কেটে দেয়া হয়েছে।”

“আমি নির্বাচন বয়কট করার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাহারায় নৌকায় সিল মারা শুরু হয়, যা চলে বিকাল ৪টা পর্যন্ত।”

ভোটের পরও তার সমর্থকদের বাড়ি-ঘরে হামলা হচ্ছে বলে অভিযোগ করেন আজাদ।

সাবেক সংসদ রব চৌধুরী (সিএসপি রব) বলেন, “গভীর সমুদ্রে বিপন্ন জাহাজের নাবিকের মতো আমরা এখন অসহায়। রাজনীতি এখন ধনীক বণিকদের হাতে চলে যাচ্ছে। রাজনীতি তাদের হাতে চলে যাচ্ছে, যারা রাজনীতিবিদ নয়। বরং ধাপ্পাবাজ, ধড়িবাজ।”

রব চৌধুরী লক্ষ্মীপুর-৪ আসনে ২০০১ ও ২০০৮ সালের আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। ২০০১ সালের আগে তিনি বিএনপির প্রার্থী হয়ে দুইবার জিতেছিলেন।