ফেনীতে শিবিরকর্মী গ্রেপ্তার, পেট্রোল বোমা উদ্ধার
ফেনীর দাগনভুঞা উপজেলায় এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে জায়লস্কর ইউনিয়নের পশ্চিম চাঁনপুর গ্রামের নিজ বাড়ি থেকে বোরহান উদ্দিনকে (৩১) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
দাগনভুঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদ পেয়ে বোরহানের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ সময় ওই বাড়ির নুরুল আমিনের ছেলে শিবিরকর্মী বোরহান উদ্দিনকে চারটি তাজা পেট্রোল বোমাসহ আটক করা হয়।
এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে আসামি করে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, জায়লস্করের সিলোনিয়া বাজার এলাকায় সম্প্রতি পুলিশের উপর শিবিরকর্মীরা হাতবোমা হামলা চালালে দুই পুলিশ সদস্য আহত হয়। ওই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় শিবিরকর্মী বোরহান উদ্দিনকে আসামি করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
