২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশবাড়ীতে জামায়াত নেতার গুলিবিদ্ধ লাশ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক জামায়াত নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 03:40 PM

Updated : 22 Aug 2022, 05:30 PM

শনিবার ভোরে উপজেলার ব্রাক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে শহর জামায়াতের বায়তুল মাল সম্পাদক নাজমুস শাকিব মিয়ার (২৮) লাশ পাওয়া যায়।

শাকিব উপজেলা সদরের জাহিদুল ইসলাম বুলু মিয়ার ছেলে।

পলাশবাড়ী থানার ওসি আহসান হাবীব জানান, নিহতের স্বজনরা প্রথমে লাশ উদ্ধার করে উপজেলার নিশ্চিতপুর গ্রামের বাড়ি নিয়ে যান। পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে তার ডান উরুতে গুলি লাগার পর গোপনে শাকিবকে চিকিৎসা দেয়া হচ্ছিল।

তিনি অভিযোগ করেন, শরীরে রক্ত দেয়ার প্রয়োজন হলে বৃহস্পতিবার রাতে তাকে রংপুরের হলি ফ্যামিলি ক্লিনিকে নেয়া হয়। সেখান থেকে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে আটক করে নিয়ে যায়।

“শনিবার রাস্তার পাশে মাথায় গুলিবিদ্ধ লাশটি পাওয়া যায়,” বলেন তিনি।