২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাঁপ দিয়ে বেঁচে গেলেন মা, দুই মেয়ের মৃত্যু

তিন মেয়েকে নিয়ে পদ্মা নদীতে ঝাঁপিয়ে পড়ার পর এলাকাবাসী মা ও বড় মেয়েকে উদ্ধার করলেও ছোট দুই মেয়ের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 06:32 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ইউনিয়নের খলিপারচর এলাকায় পদ্মানদীতে শুক্রবার দুপুরে মাহমুদা খাতুন (২) ও হামেদা খাতুনের (৬) লাশ পাওয়া যায়।

নারায়ণপুর ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর জানান, বৃহস্পতিবার রাতে খলিপারচর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী আক্তারা বেগম তার তিন মেয়েকে নিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন।

এ সময় জেলেরা আক্তারা বেগম ও তার বড় মেয়েকে উদ্ধার করতে পারলেও ছোট দুই মেয়ে নিখোঁজ ছিল।

খোঁজাখুজির এক পর্যায়ে শুক্রবার বেলা আড়াইটার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

মেয়ে দুটির মা আক্তারা বেগম মানসিক ভারসাম্যহীন বলেও তিনি জানান।

এ ব্যাপারে সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখনো তার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি।