২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষান্ত দেন, নইলে আরো কঠোর হব’

নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সহিংসতা বন্ধে সরকার যতোটা দরকার ততোটা কঠোর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 04:51 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

‘১২ জানুয়ারি সরকার গঠন’

নির্বাচনের পাঁচ দিনের মাথায় শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এক জনসভায় তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, “ব্যর্থতার আগুনে তিনি (খালেদা জিয়া) দেশকে ছারখার করতে চান। জামায়াতকে তিনি লেলিয়ে দিয়েছেন সংখ্যালঘুদের ওপর।”

নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “নির্বাচন ঠেকাতে চেয়েছিলেন পারেননি, ব্যর্থ হয়েছেন। আর নাশকতা করবেন না, মানুষ হত্যা বন্ধ করেন।

“হরতাল-অবরোধ দিয়ে মানুষের জীবন ধ্বংস করা, খুন-খারাপি করা বন্ধ করেন। এটা যদি বন্ধ না করেন কীভাবে বন্ধ করতে হয় তা আওয়ামী লীগের জানা আছে। মানুষের নিরাপত্তা দিতে, শান্তি নিশ্চিত করতে যতো কঠের হওয়া দরকার ততো কঠোর হব এবং শক্ত হাতে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করব।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছেন, সেই পথ বন্ধ করুন। অনেক খেলা দেখালেন আর না। এবার ক্ষান্ত দেন। যদি কিছু বলার থাকে আলোচনার মাধ্যমে বলেন, আমি সমাধান করব।”

ভোট দেয়ায় হিন্দুদের ওপর আক্রমণ চালানো হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এজন্য বিএনপি নেত্রী ও জামায়াত-শিবিরকে বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে।

“২০০১ সালের নির্বাচনের পর এভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়েছিল। আমরা তখন বিরোধী দলে ছিলাম। বাধা দিতে পারিনি, অনেক কিছুই করতে পারিনি। আজ ৪০ শতাংশ ভোট নিয়ে আমরা নির্বাচিত হয়েছি।”

বিএনপি চেয়ারপারসন ‘ব্যর্থতার আগুনে’ সব কিছু পুড়িয়ে ছারখার করতে চান বলেও তিনি মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, “সংখ্যালঘু ও সাধারণ মানুষের ওপর জামায়াত-শিবির লেলিয়ে দিয়েছে। এটা বন্ধ করুন। যেখানে আক্রমণ হয়েছে যৌথ অভিযান শুরু হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে প্রয়োজনে আরো কঠোর হবে।”

বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতিরোধের ঘোষণা ও ‘শত বাধা বিপত্তির মধ্যেও’ ৪০ শতাংশ ভোটার ৫ জানুয়ারির ভোট দেয়ায় সবাইকে ধন্যবাদ ও ‘সংগ্রামী’ অভিনন্দন জানান তিনি।

তৃতীয়বারের মতো সরকার গঠনের সুযোগ পেয়ে আওয়ামী লীগ সভানেত্রী বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খালেদা জিয়া নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে ব্যর্থ হয়েছেন মন্তব্য করে তিনি বলেন, ‘কয়েকটা রাজাকার নিয়ে’ বাংলাদেশের চলার পথ বন্ধ করার ক্ষমতা বিএনপি নেত্রীর নেই।

“বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের উন্নতি অবশ্যই হবে। কয়েকটা রাজাকার যুদ্ধাপরাধী নিয়ে বিএনপি নেত্রীর সেই ক্ষমতা নেই এগিয়ে যাওয়ার পথ বন্ধ করতে পারেন।”

বিএনপি প্রধান খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “উনি বলেছিলেন, আমি নাকি বিরোধী দলের নেতাও হতে পারব না। এটা উনার বেলায় ফলে গেল। উনি আমাদের যে অভিশাপ দেন তা আমাদের জন্য আশির্বাদ হয়ে যায়।”

বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে দশম জাতীয় সংসদে বিরোধী দলের মর্যাদা পেয়েছে জাতীয় পার্টি। দলটির সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ায় রওশন এরশাদই বিরোধী দলীয় নেতা হতে চলেছেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করব ইনশাল্লাহ। তাদের হাত থেকে কোনো কিছুই বাদ যায়নি। আর কত ধ্বংযজ্ঞ সহ্য করবে বাংলাদেশের মানুষ?”

রাজনৈতিক কর্মসূচির নামে সহিংতায় জড়িতদের প্রতিরোধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

“জনগণের কাছে আমি আহ্বান জানাই, যেভাবে তারা নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রের ধারা, সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রেখেছেন- সেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় আপনাদের সক্রিয় হতে হবে,” বলেন তিনি।

খালেদা জিয়া নির্বাচনে না এসে ‘যে ভুল করেছেন’ তার খেসারতও তাকেই দিতে হবে বলে মনে করেন শেখ হাসিনা।

“নির্বাচনে আসেননি ভুল করেছেন, এর খেসারত আপনাকেই (খালেদা জিয়া) দিতে হবে। দেশের মানুষ এর খেসারত মেনে নেবে না।”

এ সময় তিনি সমবেতদের উদ্দেশে প্রশ্ন করেন- “আপনারা কি এর খেসারত মেনে নেবেন”

সভামঞ্চের সামনে থাকা নেতাকর্মীরা এ সময় জবাব দেন- ‘না না না’।

আদালতের রায়ে জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল হওয়ায় যুদ্ধাপরাধীরা নির্বাচনে আসতে না পারায় এবং তাদের সঙ্গে বিএনপি এই নির্বাচনে না আসায় বাংলাদেশ ‘কলঙ্কমুক্ত’ হয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, “আলোচনার মাধ্যমে সমাধান করেন। লাদেনের মতো ভিডিও দিয়ে আন্দোলনের নামে দেশের মানুষকে আর কষ্ট দেবেন না।”

২০০৯ সালে সরকার গঠনের পর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে শেখ হাসিনা বলেন, “মানুষ শান্তি ফিরে পায়। বিশ্বে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তবে একজনের মনে কোনো শান্তি ছিল না।”

এ সময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বলতে পারেন কার মনে শান্তি ছিল না?”

জবাবে আওয়ামী লীগ নেতাকর্মীরা চিৎকার করে বলে ওঠেন, ‘খালেদা জিয়া।’

শেখ হাসিনা বলেন, “বিএনপি নেত্রীর মনে কোনো শান্তি ছিল না।... অশান্তি বেগমের আক্রমণ থেকে কেউ রক্ষা পায়নি। অশান্তির আগুন তিনি সারা দেশে ছড়িয়ে দেন। আন্দোলনের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ড শুরু করেছেন।”

নির্দলীয় সরকার ও নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধে জনগণের জানমালের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “উনি অভিশাপ দেন আমাদের, আর লেগে যায় তার বেলায়। আমরা আলোচনার জন্য ডাক দিয়েছি। নিজে টেলিফোন করেছি। কী বলেছেন তা আপনারা জানেন।”

গোপালগঞ্জ নিয়ে খালেদা জিয়ার সম্প্রতিক মন্তব্যেরও জবাব দেন বঙ্গবন্ধুকন্যা।

“গোপালগঞ্জ সম্পর্কে উনার খুব রাগ। সেখানে জাতির পিতা ঘুমিয়ে আছেন। সেখানে আমার জন্ম, উনি গালমন্দ করলেন। উনার কটূক্তি আপনারা শুনেছেন।”

নির্বাচন ঠেকাতে বিএনপি জোটের আন্দোলনের সমালোচনায় শেখ হাসিনা বলেন, ‘অসাংবিধানিক কোনো প্রক্রিয়া’ আবার চালু হোক-এটাই ছিল নির্বাচন বানচালের চেষ্টাকারীদের লক্ষ্য।

“তবে বাংলাদেশের মানুষ চায় সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা অব্যাহত থাক। তারা শান্তি ও উন্নয়ন চায়। জঙ্গিবাদ-সন্ত্রাসীদের তারা আর ক্ষমতায় দেখতে চায় না, নির্বাচনের মধ্য দিয়ে তাই বুঝিয়ে দিয়েছেন।”

যুদ্ধবিধ্বস্ত দেশ গড়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যজনকভাবে তাকে সপরিবারে হত্যা করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, হরতাল-অবরোধের কারণে পরীক্ষা দিতে তাদের যে কষ্ট হয়েছে, আগামীতে তেমনটি আর হবে না।

“দেশের মানুষের কাছে আমি সেই সহযোগিতা চাই। সাধারণ জীবনযাত্রা চলার পথে কোনো প্রতিবন্ধকতা কেউ সৃষ্টির চেষ্টা করলে সম্মিলিতভাবে প্রতিহত করতে সহায়তা করবেন। জনগণের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলের সভাপতিমণ্ডলির সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, আব্দুল লতিফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।