দুলাভাইয়ের কোপে শিশু শ্যালক নিহত
প্রবাসী স্ত্রীর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে জামালপুরের বকশিগঞ্জে তিন বছর বয়সী শ্যালককে খুন করেছে তার দুলাভাই।
বৃহস্পতিবারের এ ঘটনায় নিহত আসাদুলের (৩) মা ও ঘাতক কামাল হোসেনের শাশুরি আয়শা খাতুনও আহত হয়েছেন।
ঘাতক কামালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বকশিগঞ্জ থানার ওসি মোস্তাসিনুর রহমান জানান, বকশিগঞ্জ উপজেলার জুনায়েরচর গ্রামের বাদশা আলীর ছেলে কামাল হোসেন এক বছর আগে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কহিনুর বেগমকে দ্বিতীয় বিয়ে করেন।
কহিনুর উল্লাপাড়ার বোয়ালতলী গ্রামের সাহাত আলীর মেয়ে।
দুই মাস আগে কহিনুর চাকরির উদ্দেশ্যে ওমানে যান। সেখান থেকে ছোট ভাই নিহত আসাদুলকে নমিনি করে সোনালী ব্যাংকের বকশিগঞ্জ শাখায় সঞ্চয়ী হিসাব খুলতে বলেন কহিনুর।
ওসি জানান, এতে কামাল আপত্তি জানিয়েও কিছু করতে পারেনি। পরে কৌশলে শাশুড়ি আয়শা খাতুন ও শ্যালক আসাদুলকে একই উপজেলায় জুনায়েরচর গ্রামের নিজের বাড়িতে নিয়ে যায় তিনি।
“বৃহস্পতিবার সকালে শ্যালক এবং শ্বাশুড়িকে কুপিয়ে জখম করে কামাল। ঘটনাস্থলেই মারা যায় শ্যালক আসাদুল।”
গুরুতর আহত আয়শাকে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
