রামুর মতো পুনর্বাসন চান ড. মিজান
রামু ও টেকনাফের সাম্প্রদায়িক সহিংসতার পর নেয়া পুনর্বাসন কর্মসূচির যশোরের হিন্দু ধর্মাবলম্বীদের জন্যও নেয়ার দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
বৃহস্পতিবার দুপুরে অভয়নগরের চাপাতলায় নির্বানোত্তর সহিংসতায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পরিদর্শন করে কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, “শুধু শাড়ি ও চাল দিয়ে পুনর্বাসন হয় না।
“রাষ্ট্র ও সরকারের কাছে দাবি রামু টেকনাফে যেভাবে পুনর্বাসন করা হয়েছে এখানেও সেভাবে করতে হবে।”
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় চাপাতলা গ্রামে হিন্দুধর্মাবিলম্বীদের ঘরবাড়িতে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
গ্রাম পরিদর্শনের সময় মিজান বলেন, “দলমতের ঊর্ধে উঠে তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় আনাতে হবে।
“হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনতে হবে।”
এদিকে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, কম্বল, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও রামকৃষ্ণ আশ্রম।
