২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে সহিংসতা: শেরপুরে জামায়াতকর্মী গ্রেপ্তার

নির্বাচনের সময় শেরপুরে আওয়ামী লীগ নেতার রগ কেটে দেয়া এবং ভোট কেন্দ্রে পেট্রোল বোমা মেরে দুই আনসারকে দগ্ধ করার মামলায় এক জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 01:18 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ জানান, বৃহস্পতিবার সকালে শ্রীবরদী পৌরসভার সাইপকাকড়া এলাকা থেকে মজিবর রহমান (৩৫) নামে ওই জামায়াতকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গত ৫ জানুয়ারি ভোটের দিন শ্রীবরদী পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেনের (৫০) ওপর হামলা চালিয়ে তার পায়ের রগ কেটে দেয় জামায়াতে ইসলামী ও শিবির কর্মীরা।

গুরুতর আহত বিল্লালকে জেলা সদর হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি বর্তমানে ঢাকার জাতীয় পক্ষাঘাত হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

আহত বিল্লালের অভিযোগ, ভোটকেন্দ্রে যাওয়ার সময় স্থানীয় জামায়াত নেতা নুরুজ্জামান বাদল, ইব্রাহিম ও হুমায়ুনের নেতৃত্বে ১৭/১৮ জন মিলে তাকে ধরে দুপায়ের রগ কেটে দেয়।

এদিকে ভোট গ্রহণ শুরুর আগের দিন গভীর রাতে গড়জরিপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা হয়। হামলাকারীরা ওই কেন্দ্রের সবাইকে জিম্মি করে ব্যালট পেপার, ভোট বাক্স ও দুটি গাড়িতে আগুন দেয়।

তাদের ছোড়া পেট্রোল বোমায় মতিউর রহমান ও মুক্তি মিয়া নামে দুই আনসার সদস্যের শরীরও ঝলসে যায়।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দেলোয়ার হোসেন গত ৫ জানুয়ারি একটি মামলা করেন, যাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহমুদুল হক রুবেলসহ ৪৫ জনকে আসামি করা হয়।

হামলার ঘটনায় বিল্লাল নিজেই বাদি হয়ে আরেকটি মামলা করেন ৮ জানুয়ারি। এতে ১৭/১৮ জনকে আসামি করেন তিনি।

ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দুই মামলাতেই জামায়াতকর্মী মজিবরকে গ্রেপ্তার দেখানো হবে।