শপথকক্ষে জাপা সাংসদরা, এরশাদ ‘অনিশ্চিত’
অনেক নাটকীয়তার পর চেয়ারম্যানের স্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের নেতৃত্বে শপথ নিতে জাতীয় সংসদে এসেছেন জাতীয় পার্টির নির্বাচিত সাংসদরা।
তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েও আইনি মারপ্যাঁচে ভোটে জিতে যাওয়া পার্টি চেয়ারম্যান এরশাদ বৃহস্পতিবার শপথ নিচ্ছেন কি না- তা নিশ্চিত করতে পারেননি দলের সদস্যরা।
নবম সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার দল আওয়ামী লীগের সাংসদরা সকাল সোয়া ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে দশম সংসদের সদস্য হিসাবে শপথ নেন।
রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আওয়ামী লীগের সদস্যদের শপথই আগে পড়ানো হয়।
এরপর রওশনের নেতৃত্বে জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ কক্ষে প্রবেশ করেন বেলা পৌনে ১১টায়। পার্টি চেয়ারম্যান এরশাদ তাদের সঙ্গে ছিলেন না।
সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, বেলা ১১টায় জাতীয় পার্টির সদস্যদের শপথ পড়ানোর জন্য দলের পক্ষ থেকে স্পিকারকে অনুরোধ জানানো হয়েছিল। সে অনুযায়ীই ব্যবস্থা নেয়া হয়েছে।
এরশাদ বৃহস্পতিবার শপথ নিচ্ছেন কি না জানতে চাইলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, “আমার সাথে যোগাযোগ নেই। তবে মনে হয় না আসবেন।”
এরশাদের সঙ্গে সুর মিলিয়ে নির্বাচনে না যাওয়ার কথা বলে আসা জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারও শপথ কক্ষে প্রবেশ করেছেন।
জাতীয় পার্টির পর ক্রমানুসারে অন্য দলের ও স্বতন্ত্র সাংসদরাও শপথ নেবেন।
এরশাদের ‘দোয়া’ নিয়ে বিরোধী নেত্রী রওশন
