ভারতের পররাষ্ট্রনীতিতে ‘গুরুত্ব বেড়েছে’ বাংলাদেশের
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমারের জন্য আলাদা ডেস্ক করা হয়েছে, যা আগে ছিল চারটি দেশকে নিয়ে।
প্রথম যুগ্ম সচিব হিসেবে শ্রীপ্রিয়া রঙ্গনাথন ইতোমধ্যে নতুন এই বিভাগের (বিএম) দায়িত্ব নিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগে শ্রীলঙ্কা ও মালদ্বীপও বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে একই ডেস্কে (বিএসএম) ছিল। এখন দেশ দুটিকে ভারত মহাসাগরীয় দেশগুলোর জন্য নির্ধারিত ডেস্কের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এর নাম দেয়া হয়েছে এসএমঅ্যান্ডআইওআর বিভাগ।
বিশ্লেষকরা বলছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ‘পূর্বমুখী নীতির’ অংশ হিসাবেও বাংলাদেশ ও মিয়ানমারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে নয়া দিল্লি।
কয়েক দশক পর এবারই প্রথম বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নের দিকে নজর দিয়েছে মিয়ানমার।
আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত পাঁচ বছরে ঢাকা-নয়া দিল্লি সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নতুন বিভাগ সম্পর্কে অবগত।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত ৫ জানুয়ারির নির্বাচনের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নতুন বিভাগ কাজ শুরু করেছে।
ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুজাতা সিং দায়িত্ব নেয়ার পরপরই বাংলাদেশ ও মিয়ানমার নিয়ে নতুন এই বিভাগ খোলার কাজ শুরু করেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর।
ঢাকায় ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে যে দলই ক্ষমতায় থাক, ভারত সব সময় তাদের সঙ্গে সদ্ভাব রেখে চলে। তবে এবার দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক গতি পেয়েছে।
গত পাঁচ বছরে উভয় দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সফর ছাড়াও নানা বিষয়ে দুই দেশের সম্পর্কে অগ্রগতি লক্ষ্য করার মতো।
এই সময়ে ভারত বাংলাদেশকে ৮০ কোটি ডলার ঋণ এবং ২০ কোটি ডলার অনুদান দিয়েছে। ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা দেয়াসহ দুই দেশের ভিসা ব্যবস্থা নমনীয় করা হয়েছে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিরসনে নতুন উদ্যোগ নেয়া হয়েছে, যদিও এখনো তা চূড়ান্তভাবে আলোর মুখ দেখেনি।
ওই সাক্ষাৎকারে ভারতীয় হাই কমিশনার বলেন, গত ৪০ বছরে তারা এমন একটি সম্পর্ক গড়ে তুলতে চেয়েছেন যা ভারত ও বাংলাদেশ উভয়ের জন্যই ‘সহযোগিতপূর্ণ’ হয়।
বাংলাদেশ ও মিয়ানমার নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন বিভাগ চালু হওয়ায় দুই দেশের সম্পর্কে নতুন গতির সঞ্চার হবে বলে বিশ্লেষকরা আশা করছেন।
