২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিকূলতায় ভোট করাই বড় অর্জন: সিইসি

বিরোধী জোটের বর্জনের মুখে প্রতিকূলতার মধ্যেও দশম সংসদ নির্বাচন শেষ করাকেই বড় সাফল্য মানছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 09:51 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

নির্বাচিতদের গেজেট প্রকাশের পর বুধবার নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি বলেন, তফসিল ঘোষণা থেকে গেজেট প্রকাশ পর্য ন্ত ইসির কাজ। আইন অনুযায়ী চূড়ান্ত ফলাফল পেয়ে গেজেট করেছে ইসি।

“এতো প্রতিকূলতার মধ্যে নির্বাচন শেষ হয়েছে- এটাই আমাদের বড় এচিভমেন্ট।”

কাজী রকিব বলেন, ভোটকেন্দ্রে হামলা, নাশকতার কারণে এলাকাভেদে ভোটার উপস্থিতির তারতম্য হয়েছে।

এক প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, “এবার ৪০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে। একটি বড় দল ভোটে না আসায় উপস্থিতি অপেক্ষাকৃত কম হয়েছে। তারা এলে এ হার ৮০ শতাংশ বা তার ওপরে হতো।”

ভোটার উপস্থিতি নিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের বক্তব্য ও গণমাধ্যমের খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা সিইসির কাছে জানতে চান- প্রায় ৪০ শতাংশ ভোটার উপস্থিতি বিশ্বাসযোগ্য বলে তিনি মনে করেন কি না।

জবাবে সিইসি বলেন, “কেন নয়? অবশ্যই বিশ্বাসযোগ্য। ভোটার উপস্থিতি ছিল বলেই কর্মকর্তারা এ ফিগার পাঠিয়েছে।”

তিনি বলেন, কোনো কোনো কেন্দ্রে যেমন ১২-১৩ শতাংশ ভোট পড়েছে, তেমনি আবার অনেক এলাকায় বেশিও পড়েছে।

“গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকরাই উপস্থিতির বিষয়ে প্রতিবেদন দেখিয়েছেন।”

৫ জানুয়ারি ভোটের পর তিন দিনের মধ্যে নির্বাচিতদের গেজেট প্রকাশ প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনের পরও এরকম সময়েই গেজেট প্রকাশ করা হয়েছে।

“এবারও একই সময়ে তা করেছি। দেরি করলেও সন্দেহ করবেন।”

কাজী রকিব বলেন, যেভাবে প্রতিবার হয়, এবারও সেভাবেই সব কাজ করেছে কমিশন। এর মধ্যে ‘তাড়াহুড়ো বা দেরির’ কোনো বিষয় নেই।

নবম সংসদের মেয়াদ ২৪ জানুয়ারি পর্যন্ত থাকলেও তার আগে দশম সংসদের সদস্যদের শপথ পড়ানো হলে কোনো সাংবিধানিক জটিলতা হবে কি-না এবং নবনির্বাচিতরা শপথ নেয়ার পর আগের সাংসদরা স্বয়ংক্রিয়ভাবে দায়িত্ব থেকে মুক্ত হবেন কিনা-  সে বিষয়ে কোনো মন্তব্য করেননি সিইসি।

কাজী রকিব বলেন, “আমাদের দায়িত্ব গেজেট প্রকাশ পর্য ন্ত। বাকিটা সংসদের ওপরে। এখন শপথ নেবেন, কী ফর্মে নেবেন তা সংসদ দেখবে।”

দশম সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া ভোটে নির্বাচিত হন ১৩৯ জন। বাকি আটটি আসনে পুনর্ভোট হবে ১৬ জানুয়ারি।

তবে যশোর-১ ও ২ আসনের ফল বাদ দিয়ে ২৯০টি আসনের ফলাফলের বুধবার গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কেবল দুটি আসনে নির্বাচিত হয়েছেন। গোপালগঞ্জ-৩ আসনটি রেখে রংপুর-৬ আসনটি ছেড়ে দেয়ার ইচ্ছার কথাও চিঠি দিয়ে কমিশনকে জানিয়েছেন তিনি।

ফল ঘোষিত আসনগুলোর মধ্যে কেবল রংপুর-৬ আসনেই কোনো ভোট বাতিল হয়নি।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, ভোটাররা সতর্ক থাকার কারণেই এমনটা হয়েছে।

“ধরে নিতে হবে, ওই আসনের ভোটারা খুব কেয়ারফুললি ভোট দিয়েছেন।”

ইসির মিডিয়া সেন্টারে এই ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার জাবেদ আলী, ইসি সচিব মোহাম্মদ সাদিক, অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, জনসংযোগ পরিচালক এস এস আসাদুজ্জামানও উপস্থিত ছিলেন।