পাবনায় জামায়াত-শিবিরকর্মী ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত
নাশকতায় জড়িত অভিযোগে পাবনা সদরে জামায়াত-শিবিরের ১২ কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলার রাজাপুর, কাঁকরহাটা, জহিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথবাহিনী।
আটকের পর ক্যালিকো মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিচারকাজ চালানো হয় বলে জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাক্ষ্য-প্রমাণ শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান মাসুম ও জসিম উদ্দিন আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন।
সাজা পাওয়া মনিরুল ইসলাম ও কুতুব উদ্দিনকে এক বছর, আলামিন হোসেনকে ছয় মাস, আলিম উদ্দিন ও রুবেল হোসেনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
এছাড়াও আজমত আলী ও আব্দুল্লাহকে দুই মাস, নান্নু, এখলাছ ও রিপনকে এক মাস এবং জিয়া ও মোস্তফাকে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, অভিযানে আরো ৪/৫ জনকে আটক করা হলেও তাদের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার তথ্য প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়।
