বগুড়ার সেই প্রধান শিক্ষক বরখাস্ত
সরকারি অনুদান পাওয়ার আশায় বগুড়ায় নিজ বিদ্যালয়ের বেঞ্চে আগুন দেয়ার অভিযোগে প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম এ বরখাস্তের আদেশ দেন।
আব্দুস সালাম জানান, ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আগে একটি মামলা হয়েছে। আরো একটি মামলা করা হবে।
মঙ্গলবার শাজাহানপুর উপজেলার নির্বাচনী কেন্দ্র সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চে ভোট শেষে আগুন দেয়ার ঘটনা ঘটে।
এরপর স্থানীয়রা ওই প্রধান শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করলে খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছান এবং প্রধান শিক্ষককে আটকের নির্দেশ দেন।
পুলিশ এ ঘটনায় শাজাহানপুর থানায় মঙ্গলবার মামলা দায়ের করেছে।
স্থানীয়রা জানান, ওই শিক্ষক তাদের বলেছিলেন যে, আগুনে বেঞ্চ পুড়ে গেলে সরকারি সহায়তা পাওয়া যাবে।
