হাটহাজারীতে মারা গেলেন আরেক ডাকাতও
চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুরে এলাকাবাসীর পিটুনিতে আহত অন্য ডাকাতও মারা গেছেন।
বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম ইসমাইল। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।
এর আগে মঙ্গলবার রাতেই উপজেলার ফতেপুর এলাকায় এলাকাবাসীর পিটুনিতে মো. জাবেদ (২২) নামের আরেক ডাকাত নিহত হন।
হাটহাজারী থানার থানার ওসি মোহাম্মদ ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত ইসমাইলকে প্রথমে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি বলেন, সাত জনের একটি ডাকাত দল অস্ত্র-শস্ত্র নিয়ে রাত একটার দিকে ফতেপুরের ঘাটকুল গ্রামের জালালের বাড়িতে যায়।
“সেখান থেকে অস্ত্রের মুখে আট ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে পালানোর সময় গ্রামবাসী দুই ডাকাতকে ধরে ফেলে গণপিটুনি দেয়।”
ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও তালা ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
