২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ

দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদ করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 07:56 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বুধবার রাজশাহীতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় মানববন্ধন, বিক্ষোভ,  গোপালগঞ্জে বিক্ষোভ এবং জামালপুরে সংবাদ সম্মেলন করা হয়।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নির্বাচন বিরোধী অবস্থানের মধ্যে গত রোববার (৫ জানুয়ারি) দশম জাতীয় সংসদের ভোট গ্রহণ হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়।

রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ

দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন মানববন্ধন করে। এছাড়া আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা।

মানববন্ধনে সাংবাদিকরা সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি হাসান মিল্লাত ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ।

উপস্থিত ছিলেন দৈনিক সোনার দেশের সম্পাদক ফজলুল হক, বিএফইউজের সদস্য কাজী গিয়াস, জাবীদ অপু, তৈয়বুর রহমান, সোনার দেশের বার্তা সম্পাদক কাজী শাহেদ, সাংবাদিক আনিসুজ্জামান, রাশেদ রিপন, বিটিভির আজিজুল ইসলাম, রাজশাহী টিভি জার্নালিস্ট ইউনিটির সাংগঠনিক সম্পাদক বদরুল হাসান লিটন, যুগান্তরের জিয়াউল গণি সেলিম, সময় টিভির মেহেরুল সুজন প্রমুখ।

এদিকে, প্রবীণ আইনজীবী ইব্রাহীম হোসেনের নেতৃত্বে রাজশাহী জজ আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুস সালাম, আসলাম সরকার প্রমুখ।

সংখ্যালঘুদের হামলায় ফিরছে একাত্তরের দোসররা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

সকালে বিশ্ববিদ্যালয় ক্যাস্পাসে মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমিতি আহ্বায়ক অধ্যাপক আনান্দ কুমার সাহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল ইসলাম, সমাজকর্ম বিভাগের প্রফেসর জালাল উদ্দিন, সাবেক কোষাধ্যাক্ষ, অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর এম আবদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক, বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন প্রমুখ।

বক্তারা সরকারকে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

গোপালগঞ্জে স্মারকলিপি প্রদান

সকালে টুঙ্গিপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ বালাডাঙ্গা গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি  শৈলেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস, নির্মল বিজয় বালা, তুষার কান্তি বাইন, সঞ্জয় বালা, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমস্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

জামালপুর ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

দুপুরে শহরের দয়াময়ী মন্দিরে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।

এতে বক্তব্য রাখেন পরিষদের সভাপতি কল্যাণ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুকুমার চৌধুরী।

তারা আদিবাসীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।

রোববার ভোট দেয়ায় স্থানীয় নির্বাচন বিরোধীরা মঙ্গলবার সন্ধ্যায় ভাগরা আদিবাসীদের মন্ডলবাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা বাড়িঘর পুড়িয়ে দেয়। এ সময় আহত হন অন্তত সাতজন।

তাদের মধ্যে চার জনকে জামালপুর জেনারেল হাসপাতাল ও তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।