২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের আহ্বান ফ্রান্স-জার্মানি-অস্ট্রেলিয়ার

নির্বাচনকে কেন্দ্র সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে সঙ্কট সমাধানে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে গঠনমূলক সংলাপে বসে গ্রহণযোগ্য একটি নির্বাচনঅনুষ্ঠানের জন্য মতৈক্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 06:00 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

৫ জানুয়ারি অনুষ্ঠিত বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি বলে মনে করছে দেশ তিনটি।

প্রধান বিরোধী দল বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত গত ৫ জানুয়ারির নির্বাচন পুরো বিশ্ব, বিশেষ করে পশ্চিমা বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল।

নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের বিপরীতমুখি অবস্থানের মধ্যে শুধু ভোটের দিনই সহিংসতায় ২১ জন প্রাণ হারায়।

এসব ঘটনার প্রক্ষিতে এক বিবৃতিতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সহিংস’ এবং ‘কম ভোটার’ উপস্থিতির নির্বাচনের পর বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা।

দেশের সব রাজনৈতিক দলকে সহিংসতার পথ পরিহার করে ‘শান্তিপূর্ণ’ ও ‘সহনশীল’ আচরণ করার পাশাপাশি নিজস্ব গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে ফ্রান্স।

অন্যদিকে জার্মান সরকারের এক বিবৃতিতে দেশের স্বার্থে মত পার্থক্য ভুলে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে বিবৃতিতে নির্বাচনের আগে-পরে অনেক মানুষ হতাহত হওয়ার ঘটনায় নিন্দা জানায় দেশটি।

যে কোনো ধরনের সহিংসতা, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা পরিহার করতে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এক বিবৃতিতে নির্বাচনোত্তর সংঘাত বিশেষ করে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে তা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

নতুন করে গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজনে বিবাদমান রাজনৈতিক দলগুলোর দ্রুত সংলাপে বসা প্রয়োজন বলে মনে করেন তিনি।