২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে নাশকতার ঘটনায় মামলা হচ্ছে

নির্বাচন ঘিরে সারা দেশে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় থানায় মামলা করার নির্দেশ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 05:59 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

নাশকতার শিকার ৫৩১ স্কুল

‘অনুদানের আশায়’ স্কুলের বেঞ্চে আগুন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশ দেন।

দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে ৫৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হয়েছে বলে এর আগে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার করতে মন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে ‘বিএনপির প্রত্যক্ষ সহযোগিতায় জামায়াত-শিবিরের হামলায়’ ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়, ৮২টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি মাদ্রাসা ও নয়টি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করে মেরামত, সংস্কার বা পুনর্নির্মাণের ব্যবস্থা নেয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

বগুড়ার সেই প্রধান শিক্ষক বরখাস্ত

‘সরকারি অনুদানের আশায়’ বিদ্যালয়ের আসবাবে আগুন ধরিয়ে দেয়ার সময় হাতেনাতে ধরা পড়া বগুড়ার সেই প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার সকালে শাহজাহানপুর উপজেলার সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বিদ্যালয় প্রাঙ্গণে আসবাবপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেন। এর পরপরই তাকে আটক করা হয়।

মান্নানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।