২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হামলা মোকাবেলায় সরকার দক্ষতার প্রমাণে ব্যর্থ’

নির্বাচন ঘিরে হিন্দুদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সহিংসতা মোকাবেলায় দক্ষতার প্রমাণ দিতে সরকার ব্যর্থ হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 03:40 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

শক্তিপ্রয়োগ করে হলেও সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিহতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে আইন কমিশনের একটি সেমিনারে মিজানুর রহমান বলেন, “দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে। তাদের জীবন ও সম্পদ রক্ষা এবং নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকার ও রাষ্ট্রের।

“এখন পর্যন্ত মনে হচ্ছে না, রাষ্ট্র ও সরকার এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে। অবিলম্বে এই নির্যাতন বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে হবে।”

নির্বাচন ঠেকাতে বিএনপি-জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সহিংসতায় প্রাণহানির ঘটনা তুলে ধরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় একজন প্রিজাইডিং কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ভোটার ও সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে। এই অবস্থায় হাজার হাজার মানুষ সীমান্ত অতিক্রম করে অন্য দেশে পাড়ি দিতে চাচ্ছে।

“সরকার আমাদের আশাই দিচ্ছে, কিন্তু কর্মদক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতা প্রলম্বিত হলে অসাম্প্রাদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিপন্ন হবে।”

‘সর্বশক্তি’ প্রয়োগ করে হলেও সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

গত রোববার অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য যশোর ও দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

দুর্বৃত্তদের দেয়া আগুনে এসব এলাকায় শতাধিক কাঁচাঘর পুড়ে গেছে। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে কয়েকশ’ পরিবারকে।