২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালের ৭ তলা থেকে পড়ে কর্মীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় একটি হাসপাতালের সপ্তম তলার ছাদ থেকে পড়ে এক নারী কর্মীর মৃত্যু হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হয়নি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 02:36 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বণিক পাড়ার খ্রীস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত লিপিকা গোমেজ (৪৫) ওই হাসপাতালের হিসাবরক্ষণ বিভাগে কর্মরত ছিলেন।

তার বাড়ি ঢাকায়। স্বামী ও তিন মেয়ে ঢাকাতেই থাকেন। চাকরির কারণে লিপিকা একা ওই হাসপাতালের কাছে বণিক পাড়ায় একটি মেসে থাকতেন।

সকালে হাসপাতালের পেছন দিকের একটি টিনশেড বাড়ির পাশ থেকে লিপিকার লাশ উদ্ধার করে পুলিশ।

হাসপাতাল কর্মকর্তাদের বরাত দিয়ে এসআই জানান, সকাল ৯টার দিকে হাসপাতালে কাজে যোগ দেন লিপিকা। এর কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে। শব্দ শুনে টিনের বাড়ির বাসিন্দাসহ হাসপাতালের কয়েকজন দ্রুত লিপিকাকে সদর হাসপাতালে নেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান খান বলেন, হাসপাতালে আনার আগেই লিপিকার মৃত্যু হয়।

এ বিষয়ে মেমোরিয়াল হাসপাতালের মালিক ডিউক চৌধুরী ও অ্যাঞ্জেলা চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

এসআই রফিকুল বলেন, “এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”