সুন্দরবন থেকে অস্ত্রসহ আটক ১
সুন্দরবনে প্রতিপক্ষের সঙ্গে গোলাগুলিতে আহত এক বনদস্যুকে বন্দুক ও গুলিসহ আটক করেছেন উপকূলরক্ষীরা।
বুধবার গভীর রাতে দুবলা জেলেপল্লীর কোকিলমুনি এলাকার ছোট শেওলার খাল সংলগ্ন বন থেকে আলী শেখকে (৪৫) আটক করা হয় বলে কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার এম মহিউদ্দিন মজুমদার জানান।
আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা গ্রামের আবু তালেবের ছেলে আলী শেখ সুন্দরবনের ‘মাস্টার বাহিনী’র সদস্য বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা মহিউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমুনির ছোট শেওলার খালে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে কামাল ও মাস্টার বাহিনীর মধ্যে গোলাগুলি হয়।
“খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আলী শেখকে বুক ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়,” বলেন তিনি।
এসময় দুটি বন্দুক ও তিনটি গুলিও উদ্ধার করা হয় বলে জানান তিনি।
