২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে আ. লীগ নেতাকে কুপিয়ে আহত

নির্বাচন পরবর্তী সহিংসতায় লালমনিরহাটে হামলায় আহত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 10:16 AM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজারে রফিকুল ইসলামের (৪৫) ওপর হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

হামলার জন্য বিএনপি নেতা-কর্মীদের দায়ী করে রফিকের ভাই মিলন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোট দেয়ায় এই হামলা হয়েছে।

বিরোধী দলের প্রতিহত করার হুমকির মধ্যে গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে সহিংসতায় নিহত হন অন্তত ২১ জন, পোড়ানো হয় শতাধিক ভোটকেন্দ্র।

নির্বাচনের দুদিন বাদে হামলায় আহত রফিক মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওই ইউনিয়নের সাতপাটকী গ্রামে তার বাড়ি।

লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবস্থার অবনতি ঘটায় রফিককে লালমনিরহাট থেকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, রাতে বুড়ির বাজারে রফিকুলকে একা পেয়ে তার ওপর হামলা চালায় একদল লোক। সবাই মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

হামলাকারীরা সবাই বিএনপিকর্মী হিসেবেই এলাকায় পরিচিত বলে রফিকের পরিবারের অভিযোগ।

তবে এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে রফিকুলের ওপর হামলা হতে পারে।”