ভোট দেখতে গিয়ে চোখ গেল অনীকের
ভোটার না হলেও নির্বাচনের দিন বিরোধী জোটের ভোট ঠেকানোর সহিংসতার মধ্যে হাতবোমা বিস্ফোরণে চোখ হারিয়েছে আট বছর বয়সী শিশু।
চট্টগ্রাম নগরীর একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া কৌতূহলী অনীক বায়না ধরে ভোট দেখার, সেকি আর জানতো সাধের ভোট দেখতে গিয়ে নিজের একটা চোখ চিরতরে হারাতে হবে।
রোববার সকালে ভোট দিতে যাওয়ার সময় বায়না এড়াতে না পেরে বাধ্য হয়েই ছেলেকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে রওনা হন বাবা স্বপন দাশ। কিন্তু তারও আর ভোট দেয়া হলো না, ছেলেরও ভোট দেখা হলো না।
আকবর শাহ থানার উত্তর কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রে যাওয়ার পথে হঠাৎ হাতবোমা বিস্ফোরিত হয়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অনীকের বাম চোখটি।
কোনোভাবেই ওই চোখটিকে রক্ষা করতে পারলো না চিকিৎসকরা, সোমবার বিকালে অপারেশন করে চোখটি ফেলে দিয়েছেন তারা।
বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি আছে অনীক দাশ (৮), সাথে আছে বাবা ও মা শিল্পী দাশও।
মঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেছে, বেডে শুয়ে থাকা অনীকের বাম চোখে ব্যান্ডেজ, ডান চোখটি ভাল থাকলেও তা দিয়ে ঝরছে অশ্রু।
অনীকের বাবা স্বপন দাশ সাংবাদিকদের বলেন, “কেন্দ্রে যাওয়া পথে আমি কিছুটা সামনে এগিয়ে গিয়েছিলাম। এমন সময় বিকট শব্দে ককটেল ফাটে, দেখি তার বাম চোখ দিয়ে রক্ত ঝরছে।’’
তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চোখটি বাঁচানো যায়নি।
চমেক হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী রেজিস্টার ডা. মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ককটেলের আঘাতে অনীকের বাম চোখের মনি ফেটে গিয়ে বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আঘাতের ফলে চোখটির ভেতরের সবকিছুই বেরিয়ে আসে।’’
তিনি বলেন, “তবে তার ডান চোখের কোনো সমস্যা নেই। বাজেভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা পরীক্ষা শেষে সিদ্ধান্ত নিয়ে সোমবার অপারেশন করে এটি ফেলে দিই।’’
স্থানীয় কাট্টলী জয়তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অনীক দুই বছরের ছোটবোন পূজা ও বাবা-মা নিয়ে বাস করে কাট্টলীতেই।
হাসপাতালের বেডে শুয়ে এক চোখে ফেল ফেল করে তাকিয়ে আছে, চোখে তার অনিশ্চিত ভবিষ্যত। সাথে থাকা তার বাবা-মায়ের চোখেও অনিশ্চয়তার ছায়া।
গত বছরের ১২ মার্চ নগরীর চেরাগীর পাহাড় মোড়ে বিরোধীজোটের ডাকা হরতাল শেষে রাতে হাতবোমা বিস্ফোরিত হয়ে ডান চোখ হারান মেডিক্যাল শিক্ষার্থী সুজন দেবনাথ।
