২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনুদানের আশায়’ স্কুলের বেঞ্চে আগুন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

‘সরকারি অনুদানের আশায়’ বগুড়ার এক স্কুলের কয়েকটি বেঞ্চে অগ্নিংযোগের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক।

জিয়া শাহীন

রয়টার্স

Published : 07 Jan 2014, 09:13 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মঙ্গলবার সকালে বগুড়ার শাহজাহানপুর উপজেলার সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান,  গ্রামবাসী ও প্রত্যেক্ষদর্শীদের অভিযোগের সদুত্তর দিতে না পারায় সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে।

“তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

তিনি জানান, গ্রামবাসীরা তাকে জানিয়েছে- বেঞ্চে অগ্নিসংযোগে বাধা দিলে প্রধান শিক্ষক তাদের বোঝানোর চেষ্টা করেন যে, এতে স্কুলটি সরকারি অনুদান পাবে।

১৮ দলীয় জোটের জাতীয় সংসদ নির্বাচন প্রতিহতের ডাকের মধ্যে দেশে শতাধিক স্কুলে অগ্নিসংযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোকে সরকার আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেয়। জাতীয় সংসদ নির্বাচনে এই স্কুলে ১০৬ নং নির্বাচনী কেন্দ্রটি খোলা হয়েছিল।

শাহজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান,  প্রাথমিকভাবে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান শিক্ষকের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় মামলা হয়েছে।

স্থানীয় সাংবাদিকদের গ্রামবাসীরা জানান, মঙ্গলবার সকালে বেঞ্চগুলি স্কুলের দপ্তরিসহ কয়েকজনের সহায়তায় বিদ্যালয়ের পাশে একটি বাড়ির আড়ালে নিয়ে আগুন দেয়া হয়।

ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাদানুবাদ হয়।

এ ঘটনায় গ্রামবাসীরা হয়রানির শিকার হতে পারে ভেবে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করলে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রধান শিক্ষককে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।

তবে প্রধান শিক্ষক আব্দুল মান্নান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।