নোয়াখালীতে ট্রাকচাপায় ২ যুবক নিহত
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে নবাবগঞ্জ বাজারে এ দুর্ঘটনায় নিহতরা হলেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফতেপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে আলমগীর (২৪) ও বরিশাল সদরের জিয়াউল হকের ছেলে জসিম উদ্দিন (২৩)।
এরা ওই এলাকায় তাবলীগে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, ভোর ৪টার দিকে আলমগীর ও জসিম সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
