নির্মল সেনের মৃত্যুবার্ষিকী বুধবার
লেখক, সাংবাদিক কমরেড নির্মল সেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার কমরেড নির্মল সেন মৃত্যুবার্ষিকী স্মরণসভা জাতীয় কমিটির ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়াত এই মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার সকাল সাড়ে ১০টায় ২৩/২ তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে অস্থায়ী মঞ্চে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
বিপ্লবী রাজনীতিবিদ নির্মল সেন ১৯৩০ সালের ০৩ অগাস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের দেশভাগের সময় পরিবারের সবাই ভারতে গেলেও তিনি থেকে যান মাতৃভূমিতে।
১৯৪৮ সালে বিএসসি পড়ার সময় ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে প্রথম গ্রেপ্তার হন। ১৯৫২ সালে ছাত্রলীগের যোগ দিয়ে চার বছর পর ছাত্র ইউনিয়নে যোগ দেন। অন্য সহযোদ্ধাদের সঙ্গে মিলে ১৯৬৯ সালে শ্রমিক-কৃষক সমাজবাদী দল নামে একটি বামপন্থী রানৈতিক দল গঠন করেন। ১৯৮৮ সালে তিনি দলের সাধারণ সম্পদক নির্বাচিত হন। একাত্তরের মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে ভূমিকা রাখেন তিনি।
বাংলাদেশের বৃহৎ শ্রমিক সংগঠন সংযুক্ত শ্রমিক ফেডারেশন গড়ে তোলায়ও তার ভূমিকা ছিল। ১৯৮৪ সাল থেকে ১০ বছর এই সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
সামরিক শাসনবিরোধী আন্দোলনে গঠিত বামপন্থীদের ৫ দলের নেতৃত্ব দেন কমরেড নির্মল সেন। বাম গণতান্ত্রিক ফ্রন্ট গঠনেও নেতৃস্থানীয় ভূমিকা রাখেন তিনি। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ২০০৮ সালে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি নির্বাচিত হন তিনি।
কর্মজীবনে দীর্ঘ সময় সাংবাদিকতার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক ছিলেন নির্মল সেন।
