২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হিন্দু বাড়িতে হামলায় মামলা দায়ের

যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা মালোপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলার ঘটনায় আড়াইশ’ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 03:40 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

অভয়নগর থানার ওসি এমদাদ হোসেন জানান, উপপরিদর্শক (এসআই) মহসিন হাওলাদার বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো আড়াইশ’ জনকে আসামি করে মামলা করেছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে।

এছাড়া ওই এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন।

দশম সংসদ নির্বাচনের ভোটের দিন রোববার সন্ধ্যা ৭টার দিকে মালোপাড়ায় হিন্দু সম্প্রদায়ের অর্ধশত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েকটি বাড়িতে আগুনও দেয়।

পুলিশ এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করছে।

আওয়ামী লীগের স্থানীয় নব নির্বাচিত সংসদ সদস্য রণজিত রায়ের অভিযোগ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুইপ শেখ আব্দুল ওহাবের প্ররোচণায় জামায়াত ও বিএনপি এ হামলা করেছে।

এদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় পুলিশ উদ্দেশ্যমূলকভাবে ১৮ দলের নেতাকর্মীদের জড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকালে স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, চাপাতলায় সংখ্যালঘুদের উপর হামলায় জাতীয় সংসদের হুইপ যশোর-৪ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আব্দুল ওহাবের লোকজন জড়িত বলে ওই আসনের নতুন সংসদ সদস্য রণজিত রায় অভিযোগ করেছেন।

“তা সত্ত্বেও ওই ঘটনায় ১৮ দলের নেতাকর্মীদের জড়িত করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে,” বলেন তিনি।

আমরা ফেইল  করেছি: যশোরের পুলিশ সুপার