২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুস্থ হলেই বাড়ি ফিরতে পারবেন এরশাদ’

সুস্থ হলেই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ হাসপাতাল ছেড়ে বাড়ি যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

মো. রাকিবুল ইসলাম তানিম

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 02:42 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মঙ্গলবার সচিবালয়ে গত ৫ বছরে মহাজোট সরকারের অর্জন নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

এরশাদ কবে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পাবেন জানতে চাইলে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন তিনি সুস্থ হওয়ার জন্য হাসপাতালে আছেন। মানসিক প্রশান্তি দিতে রোগীদের খেলার মাঠে নিয়ে যাওয়া হয়। তিনি চেয়েছিলেন গলফ খেলতে, তাই তাকে গলফ খেলতে নিয়ে যাওয়া হয়েছে।

“তিনি যখনই সুস্থ হয়ে উঠবেন, যখনই বাড়িতে চলে যেতে চাইবেন তখনই চলে যাবেন।”

বিরোধী দলহীন ৫ জানুয়ারির নির্বাচনে নিজের ও দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার পর আকস্মিক এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জাতীয় পার্টি প্রধান এরশাদ। এরপর ১২ ডিসেম্বর রাতে র‌্যাবের পাহারায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়।

এরশাদ হাসপাতালে থাকা অবস্থায় অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে তার দল থেকে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক প্রার্থী বিজয়ী হয়। সংসদে প্রধান বিরোধী দলের স্থানও পাচ্ছে জাতীয় পার্টি।

রোববার অনুষ্ঠিত ভোটে ১৪৭টি আসনের মধ্যে ১৩টি আসনে জয় পেয়েছে জাতীয় পার্টি। সেই সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ২০ জনকে নিয়ে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩৩।

এরশাদের অনুপস্থিতিতে তার স্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ দশম সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বলে সোমবার সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় পার্টির আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।