অগ্নিসংযোগ ও ব্যালট ছিনতাই, ভোট গ্রহণ বন্ধ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাই ও অগ্নিসংযোগের পর ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছে।
রোববার বেলা ৩টার দিকে উপজেলার ধুকুড়িয়া-বেড়া ইউনিয়নের চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালায়।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার কে এম খালেকুজ্জামান জানান, হামলা চালিয়ে পাঁচটি বুথে আগুন দেয় এবং ভোটসহ দুটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া তারা কর্তব্যরত পোলিং এজেন্টদেরও মারধর করে।
এ সময় তারা নির্বাচন কাজে ব্যবহৃত একটি ভটভটিতেও আগুন ধরিয়ে দেয়া হয়।
হামলার পর সাড়ে ৩টার দিকে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়।
কেন্দ্রটিতে একজন উপপরিদর্শক, দুইজন কনস্টেবল ও ১১ আনসার নিরাপত্তার দায়িত্বে ছিল বলে খালেকুজ্জামান জানান।
ওই কেন্দ্রে কর্তব্যরত উপপরিদর্শক এ বি সিদ্দিক বলেন, হামলার পর শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর বিজিবি, র্যঅব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
