২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে আ.লীগ নেতার রগ কেটেছে জামায়াতকর্মীরা

ভোটকেন্দ্রে যাওয়ার পথে শেরপুরের শ্রীবরদীতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দুপায়ের রগ কেটে দিয়েছে জামায়াতে ইসলামী ও শিবিরের কর্মীরা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 05:39 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

আহত বিল্লাল হোসেন (৫০) শ্রীবরদী পৌরসভার এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক চানের পক্ষে কাজ করছিলেন।

রোববার সকাল ৮টার দিকে পৌরসভার পোড়াগড় এলাকায় তার উপর হামলা চালায় জামায়াত-শিবিরের কর্মীরা।

গুরুতর আহত বিল্লালকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, তিনি মোটর সাইকেলে করে পোড়াগড় থেকে নয়াপাড়া ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। স্থানীয় জামায়াতনেতা নুরুজ্জামান বাদল, ইব্রাহিম ও হুমায়ুনের নেতৃত্বে ১৭/১৮ জন তার পথরোধ করে। তারা তাকে মোটরসাইকেল থেকে টেনে হিচড়ে নামিয়ে দুপায়ের রগ কেটে দেয়।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। বিস্তারিত খোঁজ নিচ্ছেন।

শেরপুর জেলা সদর হাসপাতালে অর্থোপেডিক্স সার্জন কাউছারুল ইসলাম জানান, রক কাটার চিকিৎসা শেরপুর জেলা হাসপাতালে সম্ভব না হওয়ায় বিল্লালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।