২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দেয়া নিয়ে বিবাদে জড়ালেন মান্নান খান

নির্বাচনের দিন ভোট দিতে অনিচ্ছুক কয়েকজন ভোটারের সঙ্গে ‘গণতন্ত্র’ নিয়ে প্রকাশ্য বিতণ্ডায় জড়ালেন ঢাকা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মান্নান খান।

রিয়াজুল বাশার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 03:22 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

এসময় রাস্তায় দাঁড়িয়ে কয়েকজন নারী ও পুরুষের সঙ্গে উচ্চ স্বরে কথা বলেন তিনি। এক পযায়ে রেগে গিয়ে ভোটারদের গালিও দেন সাবেক এ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

ভোটের দিন দুপুর দেড়টায় নবাবগঞ্জ বাজারের সেতু ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

নবাবগঞ্জ-দোহারের সাংসদ সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র ঘুরে সোয়া ১টার দিকে আসেন নবাবগঞ্জ বাজারে। কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে অন্যত্র যাওয়ার জন্য মাইক্রোবাসে উঠেন তিনি। এসসময় আরো কয়েকজন সাংবাদিক এলে গাড়ি থেকে নামেন তিনি।

এরপর আবার গাড়িতে উঠার প্রস্তুতি নিতে নিতে সেতু ক্লিনিকের বারান্দায় দাঁড়ানো কয়েকজন নারী ও পুরষকে লক্ষ্য করে মান্নান খান বলেন, “আপনারা ভোট দিতে যাননি?”

এর জবাবে এক নারী বলেন, “দেশে গণতন্ত্র আছে নাকি, যে ভোট দেব।”

কেন, কি হয়েছে- মান্নান খান জানতে চাইলে ওই নারী বলেন, “এটা কোনো ভোট হলো? আপনি তো এর আগে একদিনও জিজ্ঞেস করলেন না। আজ ভোটের দিন খোঁজ নিচ্ছেন।”

একথা শুনে মান্নান খান বলেন, “আপনি একজন প্রার্থীর সামনে এভাবে অভিযোগ করছেন, এটাই তো গণতন্ত্র। গণতন্ত্র আছে বলেই তো এটা পারছেন। সামরিক শাসন থাকলে এভাবে বলতে পারতেন না।”

তখন ওই নারীর সঙ্গে আরো কয়েকজন যুবক গলা মিলিয়ে মান্নান খানের সঙ্গে ঝগড়ায় নামেন। এক যুবক উচ্চস্বরে বলেন, “আমরাও আওয়ামী লীগ করি। কিন্তু আপনার কাছ থেকে আমার কিছুই পাইনি। শুধু অপমানিত হয়েছি।”

এসময় উত্তেজিত হয়ে পড়েন মান্নান খান। পকেট থেকে হাত বের করে তর্জনি উঁচিয়ে কথা বলতে শুরু করেন সাবেক এ প্রতিমন্ত্রী।

“আপনারা কেউ আওয়ামী লীগ করেন না। আওয়ামী লীগ করলে কেউ এভাবে ভোটের বিরুদ্ধে কথা বলতে পারে না। আপনারা টাকার কাছে বিক্রি হয়ে গেছেন।”

চিৎকার-চেঁচামেচির মধ্যে কথা বলতে বলতে মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করেন মান্নান খান। তার চলে যাওয়ার সময় উপস্থিত প্রায় জনা পঞ্চাশেক লোক উচ্চ হাসি দিয়ে উল্লাস প্রকাশ করেন।

মান্নান খানের সঙ্গে ঝগড়া করা ওই নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে নিজেকে কনক রহমান বলে পরিচয় দেন।

নিজেকে সেতু ক্লিনিকের ম্যানেজার দাবি করে তিনি বলেন, “আমরাও আওয়ামী লীগ করি। কিন্তু মান্নান খানের ওপর বিরক্ত হয়ে আমাদের মতো অনেকেই ভোট দেয়া থেকে বিরত থাকছেন। অনেকই সালমা ইসলামের ভোট করছেন।”

এদিকে মান্নান খানের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র ঘুরছেন। সকাল ১০টার দিকে চুড়াইন ইউনিয়নের কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।

এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিদ্বন্দ্বী মান্নান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন নির্বাচনকালীন সরকারের এ প্রতিমন্ত্রী।

“আমি শুনেছি, কাঁটাখালি কেন্দ্রে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সেখানে মান্নান খানের লোকজন নাকি ব্যালটে সিল মেরে নিচ্ছেন,” বলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্ত্রী সালমা।

এ অভিযোগের প্রেক্ষিতে কাঁটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে দেখা যায়, সেখানকার বুথগুলোতে নৌকা ও লাঙ্গল দুই প্রতীকেরই পোলিং এজেন্ট রয়েছেন।

সালমার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে কাঁটাখালি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজিম খান বলেন, “একদম মিথ্যা অভিযোগ। আপনারা নিজের চোখে দেখে যান।”

তিনি কয়েকজন সাংবাদিককে প্রতিটি বুথ ঘুরিয়ে সেখানে দুদলের পোলিং এজেন্টদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এই কাঁটাখালি কেন্দ্রের কয়েক গজ দুরেই মান্নান খানের বাড়ি। সকাল ৮টায় এই কেন্দ্রেই ভোট দিয়েছেন মান্নান খান।

এদিকে নবাবগঞ্জ-দোহার আসনের বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি কম। একজন দুজন করে ভোট দিতে আসছেন।

বেলা ১১টায় মারুয়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার জাহাঙ্গীর হোসাইন জানান, ওই কেন্দ্রে দুই হাজার ৭৯৬ ভোটের মধ্যে চার ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ১০০ জন।

তবে এর চেয়ে একটু বেশি ভোট পড়তে দেখা গেছে কাঁটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজিম খান জানান, এক হাজার ৯১৪ ভোটের মধ্যে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট দিয়েছে প্রায় ৬০০ জনের মতো।

তবে অর্ধেক দিনশেষে জয়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেয়া মানুষের সংখ্যা ৫ শতাংশেরও কম।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার নুরে আলম সিদ্দিক জানান, তার কেন্দ্রে দুই হাজার ৫৯৭ ভোটের মধ্যে বেলা সোয়া ১২টা পর‌্যন্ত ভোট পড়েছে ১০২টি।

দোহার-নবাবগঞ্জ আসনে মোট ভোটের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ৯৯৭টি।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমুল হক পাভেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ২টা পর‌্যন্ত তার উপজেলায় ভোট পড়েছে ২০ থেকে ২৫ শতাংশের মতো।

আর নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান জানালেন, তার উপজেলায় বেলা ২টা পর‌্যন্ত ১৫ শতাংশের মতো ভোট পড়েছে।