সিরাজগঞ্জে কাছে থাকা বোমায় কব্জি বিচ্ছিন্ন যুবকের
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভোটকেন্দ্রে হাতবোমার বিস্ফোরণ ঘটাতে গিয়ে এক যুবকের কব্জি উড়ে গেছে।
শনিবার গভীর রাতে উপজেলার শেরনগর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনায় আহত সুজন (২১) কামারপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে ভোটকেন্দ্রে হামলার জন্য যান সুজন। কেন্দ্রের কাছাকাছি পৌঁছালে তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটে।
হাসপাতালের চিকিৎসক স্বদেশ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুজনের উন্নত চিকিৎসা দরকার। কিন্তু স্বজনরা না আসায় অন্যত্র পাঠানো যাচ্ছে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু জানান, হাসপাতালে চিকিৎসাধীন সুজন তাকে বলেছেন কেন্দ্রে বিস্ফোরণ ঘটানোর জন্য স্থানীয় এক বিএনপি নেতা তাকে ওই বোমা দেন।
এদিকে ভোটের আগের রাতে ও ভোটের দিন সকালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালি) আসনের কয়েকটি কেন্দ্রে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি খুবই কম দেখা গেছে।
বেলকুচি পৌর এলাকার শ্যামনগর নতুনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯৭৩ জন।
প্রিসাইডিং অফিসার জুলফিকার হায়দার জানান, সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত ওই কেন্দ্রে মোট ৪৪টি ভোট পড়েছে।
তিনি বলেন, “সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পরেই কেন্দ্রের পাশে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। লোকজন ভয়ে চলে গেলেও আবার ধীরে ধীরে আসতে শুরু করছেন।”
ভোট শুরুর পর পর সালদাইড় স্কুল কেন্দ্রে দুটি হাতবোমা ফাটে। এছাড়া বেলা ১১টার দিকে কান্দাপাড়া স্কুল কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বেলকুচি ও চৌহালি উপজেলার সমন্বয়ে গঠিত সিরাজগঞ্জ-৫ আসনে ১৯১টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে।
