গাজীপুরে দগ্ধ চালকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে গরুবাহী ট্রাকে পেট্রোল বোমায় দগ্ধ চালক মারা গেছেন।
নিহত নুরুজ্জামান (৪০) নরসিংদীর শিবপুর থানার সিএনবি এলাকার বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, রোববার ভোররাত ৪টার দিকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াকৈরের নুরবাগ এলাকায় বিরোধী দলের কর্মীরা ট্রাকে পেট্রোল বোমা ছুড়লে নুরুজ্জামান দগ্ধ হন। টাঙ্গাইলের সফিপুর থেকে গরু নিয়ে ট্রাকটি নরসিংদীর উদ্দেশে যাচ্ছিল।
এ ঘটনায় ভোররাতে কালিয়াকৈর উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিকুল ইসলামসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
