নাশকতা ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে: ডিএমপি
নির্বাচনে ঢাকা মহানগরের কেন্দ্রগুলোতে নাশকতা ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার বেনজির আহমেদ।
শনিবার সন্ধ্যায় মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও কলেজের নির্বাচনী কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর একহাজার ২১টি কেন্দ্রে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
সারাদেশে বিভিন্ন কেন্দ্রে অগ্নি সংযোগের বিষয়টি উল্লেখ করে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জানতে চাইলে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীবাসী নিরাপদে ভোট দিতে পারবেন।
রাজধানীর সবগুলো কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ভাল উল্লেখ করে তিনি বলেন, “রাজধানীতে কেউ নাশকতা করে পার পাবে না।”
বিরোধী দলের নেতাকে ‘গৃহবন্দি’ করে রাখার অভিযোগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে বেনজির আহমেদ বলেন, “আজও (শনিবার) জাপানের একটি টেলিভিশনের সাংবাদিক তার (খালেদা) সঙ্গে দেখা করেছেন।”
রোববার সারাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান বিরোধী দল বিএনপি এ নির্বাচন প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার হরতালে ডাক দিয়েছে।
