২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোমা বিস্ফোরণ, উদ্ধার ৪৪টি

ভোটের আগের দিন আতঙ্ক ছড়াতে চট্টগ্রাম নগরীতে সন্ধ্যার পর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 10:22 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৪৪টি হাতবোমা উদ্ধার করেছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ৮টার মধ্যে নগরীর বিভিন্ন স্থানে এসব দুর্বৃত্তরা এসব হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ,এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, বন্দর এলাকার আজিজিয়া সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় ও মোহাম্মদীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসকার দীঘি পাড় লোকপ্রশাসন কেন্দ্র, এমএ আজিজ স্টেডিয়াম, আন্দরকিল্লা এমইএস স্কুল ও মোমিন রোড এলাকায় হাত বোমার বিস্ফোরণ ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি নির্বাচনের আগের রাতে বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

যেসব এলাকায় হাত বোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে সবগুলো এলাকায় ভোটকেন্দ্র রয়েছে। এছাড়া এমএ অজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম চট্টগ্রাম নগরীর ভোটের কেন্দ্রীয় নিয়ন্ত্রন কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মঞ্জুর মোর্শেদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“মূলত আতঙ্ক সৃষ্টির জন্য হাতবোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে।”

তিনি বলেন, “নগরীতে পুলিশি তৎপরতা জোরদার আছে। সন্ধ্যার পর তা আরো বাড়ানো হয়েছে। পুলিশি তৎপরতার কারণে দুর্বৃত্তরা হাতবোমা ফাটিয়ে পালিয়ে যাচ্ছে।”

ঘটনার প্রত্যক্ষদর্শী বেসরকারি টিভি চ্যানেল ২৪ চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে এনায়েত বাজার মহিলা কলেজের বাইরে সড়ক থেকে দুর্বৃত্তরা পরপর দুটি হাতবোমা ছুঁড়ে মারে।

হাতবোমা দুটি কলেজের মাঠে পড়ে বিস্ফোরিত হয় বলে জানান তিনি।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় রাত পৌনে ৮টার দিকে ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন দেয়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

এছাড়া রাতে অভিযান চালিয়ে বাকলিয়া এলাকায় ৪০টি এবং জামালখান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়  চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আটটার দিকে বাকলিয়া আব্দুল্লাহ আল নোমান কলেজের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ ৪০টি হাত বোমা ও তিনটি ধারালো ছুরি উদ্ধার করে।

হাত বোমাগুলো একটি ব্যাগে ভরা ছিল বলে জানান তিনি।

এর আগে শনিবার বেলা আড়াইটার দিকে বাকলিয়া থানাধীন মদিনা মসজিদ লেইন থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি হাতবোমা উদ্ধার করে র‌্যাব।

এদিকে নগরীর কোতোয়ালি থানাধীন জামালখান ডা. খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে জানান অভিযানে থাকা কোতোয়ালি থানার এক উপ-পরিদর্শক।